ওয়াহিদুল স্মরণে দেশঘরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে দেশঘরের গান উৎ​সবে ঘাটুগান ও নৃত্য পরিবেশনা l ছবি: আশরাফুল আলম
ছায়ানটে দেশঘরের গান উৎ​সবে ঘাটুগান ও নৃত্য পরিবেশনা l ছবি: আশরাফুল আলম

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্র বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ছায়ানট আয়োজন করেছিল লোকসংগীতের অনুষ্ঠান ‘দেশঘরের গান’-এর। গতকাল শুক্রবার বিকেলে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন লোক গবেষক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান।
ছিল একক কণ্ঠে লোকগান। এরফান হোসেন ‘শোন বলি সই’, আবুল কালাম আজাদ ‘আরে ধরবে যদি অধরারে’, নাদেরা বেগম ‘আইস মোর কালাচান’, চন্দনা মজুমদার ‘আমার প্রাণবন্ধুয়ার দেশে রে’ গানগুলো গাইলেন। দীনশরৎ নাথের গান পরিবেশন করে নেত্রকোনার সুসেন চন্দ্র সাহা রায় ও তাঁর দল। একে একে তাঁরা গাইলেন ‘আমায় কও শুনি হে গুরুধন/ কেবা গুরু কেবা শিষ্য জানতে আকীঞ্চন’, ‘যিনি অখণ্ডমণ্ডলাকার/ গুরুরূপে ভগবান আপনি সাকার’। এরপর তাঁরা পরিবেশন করেন ঘাটুগান। ওই অঞ্চলে বর্ষাকালে বড় নৌকা করে গানের দল ঘাটে ঘাটে গিয়ে এ গান পরিবেশন করত বলে এমন নাম। ‘আমার যমুনার জল দেখতে কালো’সহ বেশ কয়েকটি ঘাটুগান ও নাচ পরিবেশিত হলো।
চ থুই প্রু চাকমার পরিচালনায় পার্বত্য চট্টগ্রামের একটি দল পরিবেশন করে বনপাহাড়ের নৃত্যগীত। নড়াইলের দীনবন্ধু সরকার ও তাঁর দল পরিবেশন করে বেহুলা-লখিন্দরের পালা। ছায়ানটের পক্ষ থেকে ছিল একক পরিবেশনায় বেশ কিছু গান।