‘পান্থ তুমি পান্থজনের সখা’ সম্মেলক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান। সংগীতগুরু ওয়াহিদুল হকের প্রয়াণদিবসে ছায়ানট আয়োজিত অনুষ্ঠানটিতে এরপর নিবে গেল বাতি। ছায়ানট ভবনের অন্ধকার মঞ্চে এল দুটি চেয়ার। তাতে বসলেন ছায়ানটের সহসভাপতি সারোয়ার আলী এবং ওয়াহিদুল হক স্মারক বক্তা মোজাম্মেল হোসেন। গতকাল ছিল ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য শামসুন্নাহারেরও (রোজবু) মৃত্যুবার্ষিকী। সারোয়ার আলী তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, রোজবু ছায়ানটকে লালন করেছেন। বক্তব্যে সারোয়ার আলী বলেন, ‘ধর্ম পরিচয় নাকি জাতি পরিচয় বড়, এই দ্বন্দ্বের মীমাংসা হয়নি আজও। যদি ওয়াহিদুল হক বেঁচে থাকতেন, তবে আজ যে নৃশংসতা ঘটে যাচ্ছে, তা নিয়ে প্রবন্ধ লিখতেন। সংগীতের অনেক গুরু আছেন এখনো, কিন্তু তাঁদের থেকে ওয়াহিদুল হক একেবারে আলাদা এই কারণে যে তিনি শুধু আত্মমগ্ন হয়ে সংগীত শিক্ষা দেননি, বরং সংগীত শিক্ষা দিতে গিয়ে সংগীতের বাইরের দরজা-জানালাও খুলে রেখেছেন, যেন অন্যান্য আলোও সেখানে ঢোকে।
মোজাম্মেল হোসেনের লেখা স্মারক বক্তৃতার শিরোনাম ছিল ‘সংস্কৃতিকর্মীর অশেষ পথচলা’। তিনি তাঁর প্রবন্ধের শেষে এখনকার পরিস্থিতিতে পচন রোধ করার জন্য চারটি প্রস্তাব রেখেছেন। ১. জাতীয় পর্যায়ে একই রূপের শিক্ষাব্যবস্থা প্রবর্তন ২. সংস্কৃতি শিক্ষা ও শিক্ষায় সংস্কৃতির বিস্তার ঘটানো ৩. বাঙালি সংস্কৃতির মূলে দৃঢ়ভাবে অবিচল থেকে বৈচিত্র্যকে আত্মস্থ করার উদারতা ধারণ। ৪. পরিশীলিত রুচিবান সংস্কৃতিমনা অসংখ্য ব্যক্তি তৈরি করে যাওয়া।
বক্তৃতার পর রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, রজনীকান্ত ও কাজী নজরুল ইসলামের সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। নাজিম মাহমুদের লেখা ‘ওয়াহিদুল হক: হ্যামিলনের সেই বংশীবাদক’ কবিতাটিও আবৃত্তি করা হয়। অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।