ওয়েবসাইট খুললেন জয়া আহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান
জয়া আহসান

এবার নিজের অফিসিয়াল ওয়েবসাইট খুললেন অভিনেত্রী জয়া আহসান। www.jayaahsan.info এই লিংকে গেলেই এখন থেকে জয়া আহসান সম্পর্কে বিস্তারিত এবং সর্বশেষ তথ্য পাওয়া যাবে।
নিজের ব্যক্তিগত ওয়েবসাইট খোলা প্রসঙ্গে জয়া বলেন, ‘প্রযুক্তি-বিরাগ ছিলাম সব সময়। তবে কিছু কাছের মানুষ ও বন্ধুর অনুরোধেই ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নিয়েছি। দেশের বাইরে গেলেও অনেকে আমার সম্পর্কে জানতে চেয়েছে। সব মিলিয়ে মনে হয়েছে, দেশ-বিদেশের ভক্ত এবং যাঁরা আমার সম্পর্কে জানতে চান, তাঁদের জন্য ওয়েবসাইটের বিকল্প নেই। আশা করছি, এখন থেকে আমার ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পরব।’
জয়ার ওয়েবসাইটে তাঁর জীবনবৃত্তান্ত ছাড়াও রয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র ও নাটক নিয়ে ফিল্মোগ্রাফি, উল্লেখযোগ্য পুরস্কারের তালিকা, আলোচিত ছবি, নাটক এবং ফটোসেশনের ছবি নিয়ে ফটো গ্যালারি, অভিনীত ছবির উল্লেখযোগ্য অংশ, প্রোমো, গান এবং ফেসবুক অ্যাকাউন্টের লিংক।
জয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে শুনছিলাম ফেসবুকে আমার প্রায় শ খানেক ভুয়া অ্যাকাউন্ট আছে। এ বিষয়ে নিরাপত্তা অধিদপ্তরকে জানানোর পর তাঁরাই আমাকে একটি অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছেন। তাঁদের পরামর্শ মেনেই ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি।’

এ সপ্তাহেই জয়া প্রায় মাস খানেক সময়ের জন্য দেশের বাইরে যাচ্ছেন। যাওয়ার আগে তাঁর অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবির একটি গান প্রথমবারের মতো মুক্তি দেবেন ফেসবুক এবং ইউটিউবে।

গত সপ্তাহে জয়া তাঁর নাটক, চলচ্চিত্র, কান চলচ্চিত্র উত্সব এবং ব্যক্তিগত নানা অপ্রকাশিত বিষয় নিয়ে মাছরাঙা টেলিভিশনের ঈদ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অংশ নেন। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, কবির বকুলের পরিকল্পনায় এবং অজয় পোদ্দারের প্রযোজনায় ‘স্টার নাইট’ অনুষ্ঠানের উপস্থাপক মুনমুন।