ওয়েবসাইট খুললেন প্রিয়াংকা
কিছু দিন আগ পর্যন্ত মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে এবং তাঁদের কথা মাথায় রেখে তিনি এবার অফিসিয়াল ওয়েবসাইট খুলেছেন। তাঁর এই ওয়েবসাইট খোলার বিষয়টি নিশ্চিত হয় টুইটারের দেওয়া এক বার্তার মাধ্যমে। ওয়েবসাইটি খুলতে পেরে প্রিয়াংকাও বেশ খুশি। তিনি মনে করেন, ওয়েবসাইটের মাধ্যমে ভক্তদের আরও অনেক কাছাকাছি যাওয়া যাবে। এ নিয়ে প্রিয়াংকা তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটা আমার অফিসিয়াল ওয়েবসাইট। যাতে আমার জীবনের অনেক আকর্ষণীয় বিষয়ের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।’প্রিয়াংকা আরও বলেন, ‘আমি মনে করি, এই ওয়েবসাইটটি শুধু আমার ব্যক্তিত্বেরই বহিঃপ্রকাশ। এখানে থাকছে আমার ভালোলাগা-মন্দলাগা, নিজস্ব মতামত এমনকি আমি যে কাজ করছি বা ভবিষ্যতে কী কাজ করব, সেটারই আগাম এবং বিস্তারিত তথ্য থাকবে।’ প্রিয়াংকা ভক্তদের জন্য খোলা এই ওয়েবসাইটে ঠিকানা হলো www.iampriyankachopra.com।