ওয়েবসাইটে এল চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুট ব্যান্ডের সদস্যরা
চিরকুট ব্যান্ডের সদস্যরা

অনলাইনে এল গানের দল চিরকুট। www.chirkutt.net—এটি বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ওয়েবসাইট। এখন থেকে ভক্ত-শ্রোতারা তাদের প্রিয় ব্যান্ড চিরকুট সম্পর্কিত সব ধরনের খবরাখবর এই ওয়েবসাইট থেকে খুব সহজে পেয়ে যাবে। ভক্ত-শ্রোতাদের সঙ্গে নিজেদের যোগাযোগটা আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইট চালু করেছেন বলে জানান চিরকুট সদস্যরা। ওয়েবসাইট প্রকাশ প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের সদস্য সুমী বলেন, ‘ভক্ত-শ্রোতা, সবার আরও কাছাকাছি থাকা ও যোগাযোগ রক্ষার জন্যই এ ওয়েবসাইট চালু করা। ওয়েবসাইটে চিরকুট ব্যান্ডের সব ধরনের তথ্যের পাশাপাশি আমাদের নিজেদের অ্যালবামের গানগুলোও থাকবে। যে কেউ চাইলেই গানগুলো শুনতে পারবেন। থাকবে আমাদের আপকামিং ইভেন্টসহ সব ধরনের খবরাখবরও।’
এদিকে, ২৫ সেপ্টেম্বর নরওয়েতে গান করার জন্য ঢাকা ছাড়ছে চিরকুট। কনসার্টগুলো আয়োজন করেছে রিকসকনসার্টেন নরওয়ে। এক মাসের এই সফরে চিরকুট নরওয়ের ছয়টি শহরে গান করবে। এই কনসার্টে বাংলাদেশের চিরকুট ছাড়াও থাকবে সেখানকার বিখ্যাত ব্যান্ড কাসা মুরিলো।

 নরওয়ে সফর নিয়ে চিরকুটের সদস্য সুমী আরও বলেন, ‘২৫ সেপ্টেম্বর আমরা ঢাকা ছাড়ব। টানা চার দিন মহড়ার পর নরওয়ের অসলোতে ৩০ সেপ্টেম্বর প্রথম কনসার্টে গাইব। এরপর ৬ অক্টোবর পর্যন্ত বারগেন, মোল্ডে, ট্রনহেইম, লোফোটেন ও বোডো শহরে গান করব। কনসার্টে গান গাওয়ার পাশাপাশি আমরা কর্মশালায় অংশ নেব। পুরো ব্যাপারটি আমাদের জন্য খুবই আনন্দের।’

এবারের রোজার ঈদে প্রকাশিত হয়েছে চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’। গায়কি ও চমত্কার কথার জন্য অ্যালবামটির সব কটি গানই বেশ প্রশংসিত হয়েছে। চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশিত হয় ২০০৮ সালে।