ওয়েল কামব্যাক শহীদ কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাটা পোস্টার নিকলা হিরো ছবিতে শহীদ কাপুর ও ইলিয়েনা ডি’ক্রুজ
ফাটা পোস্টার নিকলা হিরো ছবিতে শহীদ কাপুর ও ইলিয়েনা ডি’ক্রুজ

মাঝে মাঝে তব দেখা পাই বটে, কিন্তু সে দেখায় কি মন ভরে!—ভক্তরা এই আক্ষেপ করতেই পারেন। কারণ, শেষ তিন বছরে মাত্র দুটি ছবিতে তাঁর উপস্থিতি। চকলেট বয় হিসেবে পরিচিত শহীদ কাপুর কি তবে বলিউডের ডুমুরের ফুল হয়ে গেলেন? ক্যারিয়ারের হালেও নেই বাতাস। শেষ কয়েকটি ছবির ব্যবসায়িক সাফল্যও প্রায় শূন্যের কোঠায়। ২০০৯ সালের বিশাল ভরদ্বাজের ছবি কামিনে তাঁর শেষ হিট ছবি। তারপর? মৌসুম, তেরি মেরি কাহানি ছবিগুলোতে তো ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার জোগাড়। তার ওপর প্রেমিকাদের সঙ্গে একের পর এক ব্রেকআপ। তবে ব্যর্থ প্রেমিকের ভাগ্যের চাকা এবার ঘুরলেও ঘুরতে পারে। স্বরূপ ফিরে পাওয়ার সময় এসেছে। তবে এই মনে হয় শেষ সুযোগ। তাই হারানো জনপ্রিয়তা ফিরে পেতে যথেষ্ট উদ্গ্রীব শহীদ নিজেও। আগামীকাল মুক্তি পেতে চলেছে শহীদ কাপুরের নতুন ছবি ফাটা পোস্টার নিকলা হিরো।
ছবির নামটি একটু বিদঘুটে শোনালেও নামটি কিন্তু এসেছে ১৯৮৮ সালের ছবি হিরো হিরালাল-এর একটি সংলাপ থেকে। ওই ছবিতে অভিনেতা নাসিরুদ্দিন শাহের একটি বিখ্যাত সংলাপ ছিল, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’। তবে পরিচালক সাফ জানিয়েছেন, অনেক সময় ছবির নামের সঙ্গে গল্পের কোনো মিল নেই—এ রকম অভিযোগ দর্শকদের মনে থেকে থাকে। তবে এই ছবি দেখলে সেই অভিযোগ আর থাকবে না। ছবির গল্পে যা-ই থাকুক, ছবির প্রথম দৃশ্যে সিনেমার পোস্টার ছিঁড়েই বেরোবেন ছবির নায়ক শহীদ কাপুর। ফাটা পোস্টার নিকলা হিরোর মূল গল্প এক মা ও ছেলেকে নিয়ে। সাধারণ ঘরের ছেলে হয়েও শহীদ সিনেমার হিরো হওয়ার স্বপ্ন দেখে। সে কল্পনা করে, পুরো শহর একদিন তার বিশাল ছবিওয়ালা সিনেমার পোস্টারে ভরে যাবে। কিন্তু সিনেমায় অভিনয়ে মায়ের মত নেই। মায়ের ইচ্ছা, শহীদ একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার হবে।

শহীদ কাপুর
শহীদ কাপুর


এর পরও শহীদ কীভাবে হিরো হয়ে ওঠে, তারই গল্প বলবে ফাটা পোস্টার। এই ছবিতে প্রথমবারের মতো শহীদ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন বরফি ছবির সরল অবয়বের সেই মেয়েটি, অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। প্রথম জুটিতেই দুজনের রসায়ন এতটাই জমেছে যে, মনে হয়েছে যেন কত যুগ ধরে তাঁরা একসঙ্গে কাজ করছেন। ইলিয়েনার শক্ত অবস্থান দক্ষিণ ভারতীয় ছবিতে। তবে অনুরাগ বসু পরিচালিত বরফি দিয়ে গত বছর বলিউডে যাত্রা শুরু করেন ইলিয়েনা ডি’ক্রুজ এবং প্রথম ছবিতেই শ্রুতি চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে যথেষ্ট ছাপ ফেলেছিলেন। বরফি যাঁরা দেখেছেন তাঁরা একবাক্যে স্বীকার করেছেন, খুব বেশি সময় লাগবে না, নিকট ভবিষ্যতেই এই মেয়ে বলিউড রানির আসন অলংকৃত করবেন। ফাটা পোস্টার নিকলা হিরোতে শহীদ কাপুরের সঙ্গে অভিনয়টাও বেশ উপভোগ করেছেন ইলিয়েনা ডি’ক্রুজ। ইলিয়েনা বলেন, ‘শহীদ ও আমি সম্পূর্ণ নতুন একটি জুটি। তবু পর্দায় আমার আর শহীদের রসায়ন বেশ ভালো জমেছে। শহীদের মিষ্টি বালক-ধরনের একটা ভাবমূর্তি আছে। তবে এই ছবিতে তিনি সত্যিই দুর্দান্ত অভিনয় করেছেন।’
শহীদ কাপুরের শুরুটা কিন্তু মিউজিক ভিডিও আর টিভির বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে। ১৯৯৯ সালে সুভাষ ঘাইয়ের তাল ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নেচেছেন ঐশ্বরিয়ার সঙ্গেও। এরপর ২০০৩ সালে ইশক ভিশক ছবির মাধ্যমে বলিউডপাড়ায় পা রাখেন শহীদ কাপুর। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেতার পুরস্কারটি কপালে জুটলেও শহীদের ১০ বছরের ফিল্মি ক্যারিয়ারে হিট ছবি বলতে গেলে মাত্র তিনটি—বিবাহ (২০০৬), জাব উই মেট (২০০৭) আর কামিনে (২০০৯)।
ফাটা পোস্টার নিকলা হিরো এবং ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা র‌্যাম্বো রাজকুমার ঘুরিয়ে দিতে পারে ৩২ বছর বয়সী এই অভিনেতার ক্যারিয়ারের মোড়— এমনটাই মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা। কমেডি, অ্যাকশন, ড্রামা—এককথায় বিনোদনে ভরপুর ছবিটি পরিচালনা করেছেন আজব প্রেম কি গজব কাহানিখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী।
 সাজিদুল হক
ইন্ডিয়ান এক্সপ্রেস, মুম্বাই মিরর, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, জিনিউজ, উইকিপিডিয়া অবলম্বনে