ওরা ১১ জন
‘দেশ স্বাধীন হয়েছে। জানুয়ারি থেকেই পরিকল্পনা নেওয়া হলো যে ওরা ১১ জন নামে একটি চলচ্চিত্র তৈরি করা হবে। এই নামের পেছনে কারণ আছে। মুক্তিযুদ্ধে ১১ দফা আন্দোলনের প্রেক্ষাপট ছিল, আর ছিল বঙ্গবন্ধুর ছয় দফা, তাই ছবির শুরুতেই যখন ওরা ১১ জন নামটি পর্দায় ভেসে ওঠে, তখন কামানের ছয়টি গোলা ছোড়া হয়।’ বলছিলেন এ ছবির নির্মাতা চাষী নজরুল ইসলাম।ছবির গল্প নির্বাচন করা হলো। প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। পরিচালক চাষী নজরুল ইসলামের স্ত্রী আর মাসুদ পারভেজ পূর্বপরিচিত। সেই সূত্রেই পরিচালক ও প্রযোজকের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এ ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধাকে নেওয়া হলো। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, নান্টু। আরও ছিলেন রাজ্জাক-শাবানা।ওরা ১১ জন ছবিটি তৈরির সময় ঘটেছিল বেশ কিছু ঘটনা। সেসব ঘটনার কথাই জানিয়েছেন পরিচালক চাষী নজরুল ইসলাম।‘জয়দেবপুরে শুটিং করা হবে। সে সময় দুজন পাকিস্তানি আর্মি পালিয়েছিল। খসরু ও মুরাদ দুজনকে ধরে এনে বলল, ছবির শুটিংয়ে এ দুজনকে ব্যবহার করা হবে এবং সরাসরি রাইফেলের বেয়নেট চার্জ করা হবে।‘ক্যামেরাম্যান সামাদ ভাই খসরুর কথা শুনে আঁতকে উঠলেন। সামাদ ভাই বললেন, “চাষী, এটা কী করে হয়!” আমি আস্তে করে খসরুকে বুঝিয়ে বললাম, “খসরু, এটার মনে হয় দরকার নেই। আসলে এভাবে তো দৃশ্যটি করা যাবে না। তা ছাড়া আমরা যে দৃশ্যের কথা চিন্তা করেছি, সেটা এভাবে করা যাবে না।” খসরু একটু ঠান্ডা হলো। মুরাদকে ইশারা করে সে বলল, “দুইডারে ফালায়া দে।” পাকিস্তানি আর্মি দুজন মৃত্যুভয়ে আতঙ্কিত। মুরাদ তাদের সরিয়ে নিল। পরে মুরাদ এসে বলল, “চাষী ভাই, দুইডারে লুকায়ে রাখছি।” আমি বললাম “ভালো করেছ, খসরুকে বলার দরকার নেই। তাদের আমরা প্রশাসনের হাতে তুলে দেব। পরে ওরা যুদ্ধবন্দী হিসেবে চলে যাবে।”‘এ ঘটনা দেখে তো শাবানা ভয়ে কাঁপছিল। আর সে সময় খসরুর কাছে অস্ত্র থাকত। দেখা গেল, আমরা নারকেলগাছের তলায় শুটিং করছি, হঠাৎ খসরু বলল, “ম্যাডাম, ডাব খাবেন?” শাবানা হয়তো বলল, ডাব কই। অমনি খসরু ডাব লক্ষ্য করে গুলি ছুড়ছে। ডাব পড়তে শুরু করল। শাবানা তো আরও ভয় পেয়ে যাচ্ছিল। এমনই অনেক ঘটনার মধ্য দিয়ে ওরা ১১ জন ছবি শুটিং করা হয়েছে।’ বলছিলেন চাষী নজরুল ইসলাম।ওরা ১১ জন ছবির শুটিংয়ে সত্যিকারের রাইফেল এলএমজি, গ্রেনেডের ব্যবহার করা হয়েছিল। ছবির একটি দৃশ্য ছিল, যেখানে দেখানো হয় যে গওহর জামিল ও শাবানা গোলাগুলির পর পড়ে যায়। এ দৃশ্যটি ছিল বেশ আবেগপ্রবণ। কীভাবে করেছিলেন পরিচালক সেটি?চাষী নজরুল ইসলাম বললেন, ‘এফডিসির ৪ নম্বর ফ্লোরের ভেতর একটি সেট তৈরি করা হয়। সেখানে কাচের জানালা ছিল। ক্যামেরাম্যান সামাদ ভাইকে বললাম যে কাচের জানালা ভেবে তখনই গওহর জামিল ও শাবানা দুদিক থেকে এসে এক জায়গায় দাঁড়াবে এবং পড়ে যাবে।‘খসরু অমনি বলল, “চাষী ভাই, এক কাজ করি, সরাসরি গুলি করি। তারপর দুজন দুদিক থেকে দৌড়ে আসুক।” শাবানা বলল, “চাষী, এটা কী করে হয়! এসব গোলাগুলি সত্যিকারের করার দরকার কী?” ক্যামেরাম্যান সামাদ ভাই বললেন, “ভাই, গুলি আবার আমার শরীরে বিঁধবে না তো।” আমি সবাইকে আশ্বস্ত করে বললাম, খসরুর হাতের নিশানা খুবই ভালো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। শাবানা বলল, “আমার যদি কিছু হয়, তবে এর জন্য দায়ী থাকবি তুই।” আমি অভয় দিয়ে বললাম, কোনো সমস্যা নেই। সামাদ ভাই ক্যামেরা চালিয়ে দিলেন। খসরু তার রাইফেল উঁচিয়ে ঠা ঠা করে গুলি শুরু করল। গ্লাস ভাঙার শব্দ পেলাম। এখনো সেই বুলেটের আঘাতের চিহ্ন ৪ নম্বর ফ্লোরের দেয়ালে রয়ে গেছে। শাবানা আর গওহর জামিল দুদিক থেকে ছুটে এল। এরপর সেটি ইতিহাসের অংশ হয়ে গেল।’ওরা ১১ জন ছবিতে মুক্তিযুদ্ধের আবহ তৈরি করলেন কীভাবে?চাষী বললেন, ‘সে সময় তো মাত্র কয়েক মাস হলো দেশ স্বাধীন হয়েছে। নতুন একটি দেশের মানচিত্র পেয়েছি আমরা। ফলে শিল্পী থেকে শুরু করে প্রত্যেকের মধ্যেই সেই মমত্ববোধ ছিল বলেই রাতদিন খাটাখাটুনি করে, ঝড়বৃষ্টি উপেক্ষা করে আমরা একটি ছবি বানিয়েছিলাম। সে ছবি আজও মুক্তিযুদ্ধের একটি অন্যতম সেরা ছবি হয়ে আছে।’