ওরা 'লোকাল বাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

‘লোকাল বাস’ গানের মিউজিক ভিডিওতে ছিল মমতাজের সরব উপস্থিতি
‘লোকাল বাস’ গানের মিউজিক ভিডিওতে ছিল মমতাজের সরব উপস্থিতি

সংগীতশিল্পী মমতাজ তো শুরু থেকেই তারকা ছিলেন। ‘লোকাল বাস’ শুধু তারকাখ্যাতিতে যোগ করেছে নতুন মাত্রা। তবে এ গানের মধ্য দিয়ে যে দুই তরুণ পেয়েছেন নতুন পরিচয় তাঁরা হলেন সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং র‍্যাপার শাফায়েত হোসেন। এ দুজনের সঙ্গে আলাপ জমেছিল গত সোমবার দুপুরে। কেমন দুর্বার গতিতে চলছে তাঁদের লোকাল বাস, তা-ই বললেন তাঁরা। লিখেছেন আদর রহমান

তারুণ্যের সেই দুঃসাহস চেপে চেপে ভরা আছে প্রীতম আর শাফায়েতের মনে। ছবি: কবির হোসেন
তারুণ্যের সেই দুঃসাহস চেপে চেপে ভরা আছে প্রীতম আর শাফায়েতের মনে। ছবি: কবির হোসেন

সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতার একটি অংশে আছে—‘আঠারো বছর বয়সেই অহরহ/ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।’ তারুণ্যের সেই দুঃসাহস চেপে চেপে ভরা আছে প্রীতম আর শাফায়েতের মনে। তাই যখন তাঁদের প্রশ্ন করা হলো ‘লোকাল বাস’ গানটি যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি তো বিতর্কও করেছেন অনেকে। ভয় করে না এসব সমালোচনার মুখে পড়তে? তখন সুকান্তের সেই ‘দুঃসাহস’ ঝরে পড়ছিল দুই তরুণের কণ্ঠ থেকে। তাঁরা একই সুরে বলে উঠলেন, ‘না তো।’ সমালোচনা নিয়ে নাকি ভাবার সময় নেই তাঁদের। শ্রোতাদের তাঁরা গানের চমকে বেঁধে রাখতে চান। তাই সমালোচনা, বিতর্ক কিংবা নিন্দার ভয় নেই মনে। তাঁরা দুর্বার গতিতে পুরোনোকে ভেঙে নতুন ছাঁচে ফেলে গড়তে চান।
তাহলে কি ‘পুরোনো’দের ভেঙে ফেলাই এ সময়ের নবীনদের ‘এজেন্ডা’? আবারও এক সুরে জবাব দিলেন প্রীতম ও শাফায়াত। বললেন, ‘না।’ তাঁদের কণ্ঠে এবার সম্মান ভর করেছে। প্রীতম শোনালেন আশার কথা। বললেন, ‘পুরোনো সৃষ্টিগুলোর প্রতি সম্মান রেখে সেগুলোকে নতুন সময়ের জন্য তৈরি করতে চাই। চাই দুই সময়কে একটি সেতু দিয়ে বাঁধতে।’ শাফায়েত বললেন, ‘এই সময়ের মিলেমিশে যাওয়াটা কিন্তু সবাই দারুণভাবে নেয়। যদি সেখানে সম্মান আর প্যাশনটা থাকে।’
হ্যাঁ। দুই সময়ের মিলে যাওয়া যে সব মহলেই আলোড়ন তোলে, তার প্রমাণ পাওয়া গেছে ‘লোকাল বাস’ গানের সাফল্যে। গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের লেখা এ গানটি প্রীতম তৈরি করেছেন তিন মাস সময় নিয়ে। তাতে শাফায়েতের র‍্যাপ থেকে শুরু করে মডেল টয়া ও সৌমিকের নাচ সবই হয়েছে আলোচিত। আর ফোক সম্রাজ্ঞী মমতাজের লোকগানের ধাঁচের সঙ্গে হিপহপ ‘মুভ’ তো আধুনিক গানে যোগ করেছে নতুন মাত্রা।

‘লোকাল বাস এফেক্ট’
গত ২ সেপ্টেম্বর ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে গানচিলের চ্যানেলে প্রকাশ পায় ‘লোকাল বাস’ গানের মিউজিক ভিডিও। ভিডিও আপলোডের পাঁচ দিনের মাথায় প্রায় ৫ লাখ বার দেখা হয়। আর বর্তমানে ভিডিওটি দেখা হয়েছে ৩৫ লাখ ৭৪ হাজার বারের বেশি। শুধু ইউটিউবই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারেও আলোড়ন তোলে। গানটি নিয়ে তৈরি হয় মিম, ট্রল। এই গানের নামে খোলা হয় ফেসবুক পেইজও। এমনকি গানটি সব মহলে ছড়িয়ে পড়ার পর একদল নিন্দুক নাকি গানটির প্যারোডিও বানায়। এত সব ঘটনা একটি গান নিয়ে। গানের সংগীতায়োজন করা প্রীতম ও র‍্যাপার শাফায়েতের কাছে তাই জানতে চাই তাঁদের ‘লোকাল বাস’ পরবর্তী অভিজ্ঞতা।

তবে এবার তাঁদের দুজনের জবাব দুই রকম। শাফায়েত বললেন, তাঁকে নাকি এখন অনেকেই চেনেন। একদিন নাকি মায়ের সঙ্গে গিয়েছিলেন মার্কেটে, সেখানে এক ছেলে তাঁকে দেখে কাছে এসে ছবি তুলতে চাইলেন। অনেকেই আবার তাঁকে রাস্তাঘাটে হঠাৎই ‘লোকাল বাস’ বলে ডেকে ওঠেন। তাই শাফায়েতের ‘লোকাল বাস’ পরবর্তী অভিজ্ঞতাটা খুব মজার।

তবে প্রীতম আবার একটু অন্যদিক থেকে বললেন, তাঁর ওপর আসা প্রভাব নিয়ে। তিনি জানালেন, তাঁর গানটি নিঃসন্দেহে পৌঁছেছে সব মহলে। কিন্তু প্রীতম এখনো খুব ভালোই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারেন। কারণ তাঁর মতে, চেহারা দেখেই চিনে ফেলার মতো পরিচিতি এখনো তিনি পাননি। তা ছাড়া প্রেমের গানের মতো জনপ্রিয় জনরা (ঘরানা) নিয়ে এখনো গান করেননি তিনি। তাই পরিচিতি নাকি সেভাবে ছড়ায়নি তাঁর। তবে তাঁর উচ্ছ্বাসের বিষয় এটাই, ‘লোকাল বাস’-এর পর সবাই এখন অপেক্ষায় নতুন গানের জন্য। নতুন আর পুরোনোর আধুনিক মিশেলের জন্য। শাফায়েত বললেন, ‘এই অপেক্ষাটাই আসলে এ সময়ের সবচেয়ে বড় অর্জন। যত দিন নতুন গানের এই অপেক্ষা থাকবে, তত দিন পর্যন্ত ভালো গান তৈরি হবে, ভালো গান তৈরির তাগিদ থাকবে।’

কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

এ ধরনের গান মমতাজের না গাওয়াই ভালো
কুমার বিশ্বজিৎ, সংগীতশিল্পী
‘লোকাল বাস’ গান শুনে মনে হয়েছে এসব হালকা বিনোদনের জন্য। একজন সংস্কৃতিকর্মী হিসেবে দায়িত্ববোধ থাকা উচিত। লোকাল বাস কি কোনো সংস্কৃতি, কোনো গান? এসব গান নিয়ে গর্ব করার কিছু নেই। একজন সংস্কৃতিসেবী হিসেবে যার যার দায়িত্ববোধ থাকতে হবে। গানে কাব্য, সাহিত্য, অন্তমিল থাকতে হবে। সংগীত এত সস্তা বিষয় না যে যা খুশি তা-ই করে গেলাম। আর মমতাজের মতো শিল্পীর এ ধরনের গান না গাওয়াই ভালো। তাঁর এ রকম অনেক গান আছে, যেগুলি গাওয়াই উচিত না। মমতাজের এখন অর্থবিত্ত বা নামের প্রয়োজন নেই। ওনার প্রয়োজন গভীরতা। এটাই আমার অনুরোধ।

কুদ্দুস বয়াতি
কুদ্দুস বয়াতি

আমার ভক্ত বেড়েছে
কুদ্দুস বয়াতি, সংগীতশিল্পীপ্রীতমের সঙ্গে গাওয়া ‘আসো মামা হে’ গানটির মাধ্যমে আমার ভক্ত বেড়েছে। আগে তো একধরনের ভক্ত ছিলেন, এখন তরুণেরাও আমাকে খুব পছন্দ করছেন। এটা রাস্তায় বের হলে টের পাই। আর তরুণদের সঙ্গে কাজ করে আমি খুবই আনন্দিত। ওদের কাজের ধরনটা আমাকে মুগ্ধ করেছে। একতারা-দোতারার সঙ্গে ডিজিটাল সব যন্ত্র। দেশ তো ডিজিটাল হয়েছে, গানের পিছিয়ে থাকলে হবে নাকি। সবকিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।