ওরিয়ানা ফালাচির গল্পে বিপাশা হায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যজন আবুল হায়াত ইতালির সাংবাদিক প্রয়াত ওরিয়ানা ফালাচির গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধবিষয়ক নাটক ‘হাত বাড়িয়ে দাও’ তৈরি করেছেন। মূল গল্পটি অনুবাদ করেছেন আনু মোহাম্মদ। চিত্রনাট্য তৈরি করেছেন ফজলুল করিম। একক চরিত্রের নাটকটিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত।এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গল্পটি অনেক আগে পড়েছিলাম। পড়ে আমার খুব ভালো লাগে। তখন থেকেই মাথায় ছিল গল্পটি নিয়ে একটি নাটক বানাব। আমার খুব ভালো কাজগুলোর মধ্যে এটি জায়গা করে নিতে পারবে বলে মনে করছি। নাটকটি তৈরির পর ভালো লেগেছে।’ হাত বাড়িয়ে দাও নাটকের গল্পে দেখা যাবে অতসী তরুণ অধ্যাপকের স্ত্রী। ১৯৭১-এর ডিসেম্বরেই জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। আর তখনই রাজাকারেরা অধ্যাপককে হত্যা করে আর অতসী ধর্ষণের শিকার হন। দেশ স্বাধীন হলে বন্দিশালা থেকে মুক্ত হয়ে তিনি বাড়ি ফেরেন।অতসী বীরাঙ্গনা উপাধি পান। কিন্তু আবার একঘরে হয়ে পড়ে আগত সন্তানের কারণে—কেউ বিশ্বাস করে না এ যে সেটি তাঁর বৈধ সন্তান। কিন্তু তিনি তো জানেন, সন্তানটা বৈধ । সব বাধাবিপত্তি পেরিয়ে পরম আদর-যত্নে লালন করে চলেন সন্তানকে। প্রতিদিন কথা বলেন গর্ভের সন্তানের সঙ্গে। আর অপেক্ষা করতে থাকে তার শুভাগমনের। তবে তিনি কি পারবেন সেই সন্তানের জননী হতে? এ রকম নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় হাত বাড়িয়ে দাও নাটকের গল্প।কাল শনিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে হাত বাড়িয়ে দাও নাটকটি।