বিশ্বে যেসব মেয়ে গিটারিস্ট হিসেবে নিজেদের যোগ্যতা সবার সামনে তুলে ধরেছেন, তার মধ্যে ওরিয়ান্থি প্যানাগারিস অন্যতম। গ্রিক-অস্ট্রেলিয়ান এ গিটারিস্ট ১৯৮৫ সালের ২২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনের এ মাসেই আমরা ‘আনন্দ’-এর পাঠকদের কাছে তাঁর সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। ওরিয়ান্থি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র তিন বছর বয়সে তিনি পিয়ানো শেখা শুরু করেন। বাবার আগ্রহেই তাঁর গিটার শেখার শুরু। ১১ বছর বয়সে তিনি ইলেকট্রিক গিটার হাতে নেন। মাত্র ১৪ বছর বয়সেই ইংল্যান্ডে ও ফ্রান্সের বিভিন্ন ব্যান্ডের সঙ্গে বাজানোর অভিজ্ঞতা হয় তাঁর। ওরিয়ান্থি জীবনে প্রথমবারের মতো মঞ্চে গিটার বাজান স্টিভ ভাই নামে একজন বিশ্ববিখ্যাত গিটারিস্টের অনুষ্ঠানে। এরপর ১৮ বছর বয়সে তাঁর সৌভাগ্য হয় কার্লোস সান্টানা নামে আরেক বিশ্ববিখ্যাত গিটারিস্টের সঙ্গে বাজানোর। ২০০৩ সালের ৩০ মার্চ মেমোরিয়াল ড্রাইভ কনসার্টের শুরুতে শব্দ পরীক্ষা করার সময় সান্টানা ওরিয়ান্থিকে মঞ্চে উঠে তাঁর সঙ্গে বাজাতে বলেন। পরে তিনি ওরিয়ান্থিকে ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে কিছুক্ষণ বাজানোর জন্য আমন্ত্রণ করেন। ওরিয়ান্থির জীবনের মোড় ঘোরানোর মতো আরও কিছু সাফল্যের মধ্যে আছে ৫১তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসে বাজানো। ওখানে তিনি ক্যারি আন্ডারউডের লিড গিটারিস্ট হিসেবে ছিলেন। পরবর্তী সময়ে ক্যারি আন্ডারউডে তাঁকে নিয়মিত বাজানোর আমন্ত্রণ জানানো হয়। বিশ্ব-বিখ্যাত পপ-সম্রাট মাইকেল জ্যাকসন ইউটিউবে ওরিয়ান্থির ভিডিও দেখেন। মাইকেল জ্যাকসনের সঙ্গে ওরিয়ান্থির বাজানোরও কথা হয়েছিল। গ্র্যামি অ্যাওয়ার্ডের ওই অনুষ্ঠানের দিনেও মাইকেল জ্যাকসনের দল তাঁর বাজানো দেখে এবং তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ‘দিস ইজ ইট’ নামের মাইকেল জ্যাকসনের কনসার্ট হওয়ার আগেই অবশ্য মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন। ওরিয়ান্থি এখনো মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধাশীল। কেননা তাঁর সঙ্গে কিছুদিন অনুশীলন করে ওরিয়ান্থির আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। ২৮ বছরে পা দিতে না দিতে তিনি অত্যন্ত সফল একজন গিটারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আরও অনেক বছর আগেই ২০০৫ সালে পল রিড স্মিথের (পিআরএস) কাছে কার্লোস সান্টানা ওরিয়ান্থিকে তুলে ধরেন। এর পরই ওরিয়ান্থির নামেও পিআরএসের কয়েকটি গিটার মডেল বাজারে আসে। ওরিয়ান্থি বিশ্বের অনেক নামকরা সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন। বলিউডের রকস্টার চলচ্চিত্রের একটি গানের জন্য এ আর রহমানের সঙ্গেও তিনি কাজ করেন। এখন পর্যন্ত ওরিয়ান্থির দুটি অ্যালবাম ও একটি ইপি বাজারে এসেছে। এ ছাড়া অনেকগুলো সিঙ্গেল বেশ জনপ্রিয়তা পেয়েছে। ওরিয়ান্থি বর্তমানে অ্যালিস কুপারের ব্যান্ডের স্থায়ী সদস্য হিসেবে গিটার বাজাচ্ছেন। গত ২২ জানুয়ারি বিশ্বের এই জনপ্রিয় গিটারিস্টের জন্মদিন ছিল। আমরা তাঁকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। ওরিয়ান্থির অ্যালবাম ভায়োলেট জার্নি (২০০৭) বিভিল (২০০৯) ফায়ার (ইপি) (২০১১) মনোয়ারুল হক