ওলগার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমেন্টাম
মোমেন্টাম

একটা স্বপ্ন তিনি প্রায়ই দেখেন। লিফট নিয়ে। সেটা তাঁকে নিয়ে উঠে যাচ্ছে উঁচু ভবনের ওপরের দিকে। ছাদ পেরিয়েও সেটা চলতেই থাকে এবং একসময় পৌঁছে যায় আকাশে! ভবনের একেকটা তলা যেন জীবনেরই নানা স্তর।
কথা হচ্ছে ওলগা কুরিলেঙ্কোকে নিয়ে। এই ফরাসি অভিনেত্রীর জন্ম পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে। বন্ড গার্ল হিসেবে খ্যাতি পেয়েছেন কোয়ান্টাম অব সোলেস ছবিতে ড্যানিয়েল ক্রেগের বিপরীতে অভিনয়ের জন্য।
লিফট নেমে যাওয়ার একটা স্বপ্নও দেখেন ওলগা। তবে তিনি নিজে সেই লিফটে নেই। শুধু দূর থেকে দেখতে পান, সেটা চলে যাচ্ছে নিচে।
ছোটবেলা থেকেই ওলগা কুরিলেঙ্কোর স্বপ্ন একজন ‘শক্তিময়ী নারী’ হবেন। সে জন্য তাঁর ইচ্ছে হলো, মার্শাল আর্ট শিখবেন। কিন্তু নিষেধ করেন তাঁর মা। ইউক্রেনের অবস্থা তখন কিছুটা অন্য রকম ছিল। মা বললেন, ‘তুমি তো মেয়ে। একটা ছেলে যা করে, তুমি সেটা করবে না। তোমাকে ব্যালে শিখতে হবে।’
ব্যালে নাচও পছন্দ ওলগার। কিন্তু লড়াইটা শিখতে চেয়েছিলেন তিনি। মোমেন্টাম ছবিতে তাঁকে লড়াকু রূপেই দেখা যায়। এটিই ছিল কোনো ছবির প্রধান চরিত্রে তাঁর অভিনয়। আর সেটা একজন দুর্ধর্ষ ও রহস্যময়ী নারীর। অপরাধ জগতের এক রুদ্ধশ্বাস কাহিনিনির্ভর ছবিটি গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে।

ওলগা কুরিলেঙ্কো
ওলগা কুরিলেঙ্কো

ওলগার মতে, পুরুষেরা তাঁকে ঠিকমতো মূল্যায়ন করেননি। হয়তো একেকটা সময় আসে, যখন আপস করতেই হয়। কিন্তু কখনো কখনো সেটা বোকামির সমান হয়ে যায়। তাই তিনি আপস করতে চান না কখনো।
উচ্চাভিলাষ যতই থাক, সময়টা ঠিক ভালো যাচ্ছে না ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর। থ্রিলার ধাঁচের ছবি মোমেন্টাম খুব ভালো ব্যবসা করতে পারেনি। যুক্তরাজ্যে ছবিটির অবস্থান রীতিমতো হতাশাজনক। এটি হাঙ্গার গেমস সিরিজের নতুন ছবির দাপটে বেশি দূর এগোতে পারবে বলে মনে হয় না। তবু হাল ছাড়তে নারাজ ওলগা কুরিলেঙ্কো।
তবে ব্যক্তিজীবনে সাফল্যের দেখা পেয়েছেন ওলগা। ইতিমধ্যে প্রথমবার মা হয়েছেন তিনি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গত ৩ অক্টোবর। সামনে নতুন দিন, নতুন সম্ভাবনা। আগামী বছর তিনি কয়েকটি ছবির কাজ শুরু করবেন। এসবের মধ্যে রয়েছে নিয়াল জনসনের পরিচালনায় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর চলচ্চিত্র অ্যান্ড্রয়েড এবং অপরাধজগতের কাহিনি নিয়ে আরেকটি ছবি হাভিয়ার জেনসের পরিচালনায় লিটল মিজ ইনোসেন্ট। অ্যান্ড্রয়েড ছবিতে ওলগার চরিত্র একজন মৃত স্ত্রীর, যাকে রোবটরূপে জীবনে ফিরিয়ে আনেন তাঁর স্বামী ম্যাসন অ্যান্ডার্স। তাঁদের সন্তানেরাও একইভাবে জীবন ফিরে পায়। নেপচুন গ্রহ প্রদক্ষিণকারী একটি নভোযানে তাঁদের বসবাস। একসময় রোবটেরা নিজেদের জীবন দাবি করে বসে। যন্ত্রমানবের উন্নতমানের বুদ্ধিমত্তা ও সামর্থ্যের মুখোমুখি শঙ্কিত হন অ্যান্ডার্স। মানবতার স্বার্থ রক্ষার জন্য তিনি কি চূড়ান্ত আত্মত্যাগের মধ্য দিয়ে নিজ পরিবারকে ধ্বংস করবেন? এই ছবিতে ওলগার অভিনয়ে মানবিকতা ও করুণরসের অনন্য সমন্বয় ঘটবে।
হলিউডের বাইরে ইউরোপীয় ঘরানার বেশ কিছু ছবিতে কাজ করে সুনাম কুড়িয়েছেন ইংরেজি ও ফরাসি ভাষায় সমান পারদর্শী ওলগা। এসবের মধ্যে রয়েছে পারি জো তেইম, লো সারপোঁ, আ লে দো মোয়া, উন দিয়া পারফেকতো ইত্যাদি। আর ইংরেজি ভাষায় সেভেন সাইকোপ্যাথস, হিটম্যান, ল্যান্ড অব অবলিভিয়ন, সেঞ্চুরিয়ান, টু দ্য ওয়ান্ডার, দ্য নভেম্বর ম্যান, দ্য ওয়াটার ডিভাইনার ইত্যাদি।
হলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে ইতিমধ্যে ঠাঁই করে নিয়েছেন ওলগা। টম ক্রুজ ও রাসেল ক্রোর মতো বড় অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই কিশোরী বয়স থেকেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত তিনি। মডেলিং শুরু করেন মাত্র ১৩ বছর বয়সে। আর ১৮ তেই তাঁকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল বিখ্যাত দুই বিনোদন সাময়িকী ভোগ ও এল। অভিনয়ের পাশাপাশি ইউক্রেনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন এই তারকা। হলিউডের চলচ্চিত্র জগতে তাঁর আগামী সময়টা অতীতের চেয়ে আরও উজ্জ্বল হবে—এমন সম্ভাবনাই দেখছেন সমালোচকেরা।
হলিউড রিপোর্টার, ভার্জিন মিডিয়া, স্ক্রিন ডেইলি ও রটেন টমেটোজ অবলম্বনে