ওলাফের অ্যাডভেঞ্চার!

ফ্রোজেনের কথা মনে আছে? সেই যে অ্যারেন্ডেলে রাজ্যের এক রাজার দুই রাজকুমারী। বড় রাজকুমারীর ভীষণ অদ্ভুত ব্যাপার-স্যাপার। সে কিছুই ছুঁতে পারে না। কোনো কিছুতে হাত দিলেই সেটা হয়ে যায় বরফ! রাগ যত বাড়ে, ভয় যত বাড়ে—সেই সঙ্গে বেড়ে যায় বরফ হওয়ার পরিমাণও। খেলতে খেলতে একদিন এই জাদুর ক্ষমতা দিয়ে নিজের বোনকেই আঘাত করে বসে বড় রাজকুমারী এলসা। অনেক কষ্টে বাঁচানো হয় ছোট্ট রাজকুমারীকে। তবে ভয় পেয়ে যায় এলসা। ভয় পায় রাজা-রানিও। একসময় নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নেয় বড় রাজকুমারী। গান গায় না, খেলে না, কারও সঙ্গে কথা বলে না। এমনকি ছোট্ট রাজকুমারী অ্যানার সঙ্গেও না!
বারবার বড় বোন এলসাকে ডেকে ফিরে যায় অ্যানা। কোনো লাভ হয় না। দরজা খোলে না বড় রাজকুমারী। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। হয়তো আরও কেটে যেত। কিন্তু এমন সময় হঠাৎ সমুদ্রের ঝড়ে পড়ে মারা যায় রাজা-রানি। রাজ্যের দায়িত্ব পড়ে বড় রাজকুমারী এলসার ওপর। এলসার বয়স তখন ২১ বছর। সময় এসে যায় রাজকুমারীর সিংহাসনে বসার। ভয়ে ভয়ে এগোয় রাজকুমারী এলসা। অনেক দিন পর বোনকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে অ্যানা। তবে সব খুশিই থেমে যায় যখন শপথ নেওয়ার অনুষ্ঠানে হাতের দস্তানা খোলে এলসা। সবকিছু বরফে ঢেকে যায়। ভয় পেয়ে রাজ্যের মানুষেরা দূরে চলে যায়। ঠিক এই সময় অ্যানার জীবনে আসে প্রিন্স হ্যান্স। ভালোবাসে সে অ্যানাকে। যদিও পরবর্তী সময়ে অ্যানা যখন মৃতপ্রায়, সে সময় প্রকাশ পায় হ্যান্সের আসল উদ্দেশ্য। সে অ্যানাকে ভালোবাসত না। রাজ্য দখলের জন্যই অভিনয় করেছিল সে। এর মধ্যে অ্যানার পরিচয় হয় ক্রিস্তোভ, ষাঁড় সেভেন আর তুষারমানব ওলাফের সঙ্গে। মুভির শেষটা হয় খুশিভরা। অ্যানা আর এলসা আবার একসঙ্গে বাস করতে শুরু করে। প্রজারা আনন্দে থাকে। ক্রিস্তোভের সঙ্গে বিয়ে হয় অ্যানার।
বাহ্! চমৎকার অ্যানিমেশন মুভি। তাহলে আবার দ্বিতীয় পর্ব কেন? কী হবে এবারের সিক্যুয়ালে? প্রশ্নগুলো শুরু হয়েছিল ফ্রোজেন মুভির সিক্যুয়াল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ওলাফ ফ্রোজেন অ্যাডভেঞ্চার-এর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই। বেশ একটা কানাঘুষা শোনা যাচ্ছিল এত দিন ফ্রোজেনের সিক্যুয়াল নিয়ে। মজার ব্যাপার হলো, আগেরবারের মতো এলসা বা অ্যানা নয়, ফ্রোজেনের এই সিক্যুয়াল শর্টফিল্মে এবার প্রধান চরিত্রে থাকছে তুষারমানব ওলাফ।

শুরু হয়েছে রাজ্যের ছুটির দিন। কিন্তু ছুটির দিনগুলোতে কী করবে এলসা আর অ্যানা? কীভাবে ছুটির দিন পার করতে হয়? সবার বাড়িতেই কোনো না কোনো ছুটির দিনের কাজ থাকে। কিন্তু অ্যানা আর এলসা যে এমন কোনো পারিবারিকভাবে ছুটির দিন কাটায়নি কখনো। ওরা জানেই না ছুটির দিনে কী করতে হয়! তাই এবার দায়িত্বটা নিয়ে নিয়েছে ওলাফ, সেভেনকে সঙ্গে করে পৃথিবীর সব দেশে গিয়ে পরিবারে ছুটির দিনে বিশেষ কাজ সম্পর্কে জেনে আসবে ওরা! আর সবার মতো অ্যানা আর এলসাও পালন করবে ছুটির দিন। কিন্তু কথা হলো, শেষমেশ ওলাফ পারবে তো?
কেভিন ডেটার্স ও স্টিভি অয়ের্মার্সের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে কণ্ঠ দিচ্ছেন জশ গড, ক্রিস্টেন বেল, ইদিনা মেনজেল, জোনাথন গ্রফসহ অনেকে। ফ্রোজেন নির্মিত হয়েছিল হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের ‘দ্য স্নো কুইন’ গল্পটি অনুসারে। তবে এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি একেবারেই নতুন। চিত্রনাট্য লিখেছেন জ্যাক শেফার। ২২ নভেম্বর মুক্তি পেয়েছে ওলাফ ফ্রোজেন অ্যাডভেঞ্চার। গল্পটা হয়তো নতুন, তবে থ্রিডি মুভির সেই এলসা, অ্যানা, ওলাফ আর সেভেন কিন্তু রয়েছে ঠিক আগের মতো। অসম্ভব পরিচিত। তাহলে আর অপেক্ষা করছেন কেন? এক্ষুনি দেখে নিন ওলাফের কাণ্ডকীর্তি আরও একবার!