ওসবে আমি নিজেও মজা পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বর্য, ছবি: সুমন ইউসুফ
ঐশ্বর্য, ছবি: সুমন ইউসুফ

ঐশ্বর্য অভিনয় করেন। ২০০৯ সালের মার্কস অলরাউন্ডার–এ ঢাকার সেরা হওয়ার পর থেকে উপস্থাপনা করছেন অনুষ্ঠানটি। টিভিসি, নাটক, সিনেমা, উপস্থাপনা ছাড়াও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তিনি। মডেলিং ও অভিনয় নিয়ে পার করছেন ব্যস্ত সময়। কথা হলো কাজে ডুবে থাকা ঐশ্বর্যের সঙ্গে।
ঐশ্বর্য এত টিভিসি করে কেন?
টিভিসি করতে সময় লাগে সব থেকে কম। গত ঈদে চারটা টিভিসি প্রচারিত হয়েছে। বন্ধুরা সেগুলো পছন্দই করেছে।
ঐশ্বর্য আর কী কী করে?
চাষী নজরুল ইসলামের সিনেমা দেবদাস-এ পার্বতীর ছোটবেলার অংশটুকু করেছি। এ ছাড়া মোরশেদুল ইসলামের পুতুল বিয়েতেও অভিনয় করেছি। কিন্তু আমি সিনেমায় কাজ করতে চাই না।
ফেসবুকে ঐশ্বর্যকে নিয়ে ঠাট্টাকরা হয়! খারাপ লাগে না?
যারা ওসব করে, আমার বিশ্বাস মজা করার জন্যই করে। ওসবে আমি নিজেও মজা পাই। আমাকে সবাই অনেক ভালোবাসে। যারা ঘৃণা করে, তাদের আমি পাত্তা দিই না।
ঐশ্বর্যের পড়ালেখার খবর কী?
বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। পাশাপাশি নিউইয়র্কের হিলক্রেস্ট হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশন করছি। বৃত্তি পেয়ে ওখানে ভর্তি হয়েছিলাম।
দুই দেশের দুই কলেজে একসঙ্গে... ! কীভাবে?
আমার দেশের শিক্ষকেরা খুব সহযোগিতা করেন। দেশে যখন ছুটি, তখন নিউইয়র্কে গিয়ে ক্লাস করি।
তাহলে ঐশ্বর্যের ভবিষ্যৎ কী? মডেল?
না! আমি পাইলট হতে চাই।
তাহলে অভিনয়, মডেলিংয়ের কী হবে?
এগুলো তো শখ। পড়ালেখাটা আগে, ফাঁকে ফাঁকে এই কাজগুলো করব। হয়তো মাঝেমধ্যে এসব কাজে ছেদ পড়বে। কিন্তু শখ থেকে বেশিদিন দূরে থাকা সম্ভব নয়। তা ছাড়া এসব করতে মা-বাবার ভীষণ সাপোর্ট পাই। এত কিছু করতে পারার পেছনে মায়ের অবদান সব থেকে বেশি। বাবা-মা একত্রে বসে সিদ্ধান্ত নেন আমি কীভাবে কোনটা করব।
ঐশ্বর্য তো অলরাউন্ডার। আর কী কী করে সে?
ছোটবেলা থেকে নাচ শিখছি। রবীন্দ্রভারতী থেকে ভরতনাট্যম শিখেছি। বেশ কিছু সমকালীন নাচও আমার জানা। ওয়াশিংটন ডিসির নাচের দল ‘ডান্স মোশন’ বাংলাদেশে কর্মশালা করাতে আসে। আমি ওদের ওখানে গিয়ে কর্মশালা করে এসেছি। ছায়ানটে গান শিখেছি। হৃদি (হৃদি হক) আপুর হাতে অভিনয়ে হাতেখড়ি। তাঁর পরিচালনায় ধারাবাহিক শেষ বিকেলের গান নাটকে অভিনয় করেছি। সেটা এখন এনটিভিতে দেখাচ্ছে।
সাক্ষাৎ​কার: রাসেল মাহ্‌মুদ