ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ আজীবন নিষিদ্ধ!
মাত্র কয়েক দিন আগেই জয়পুর স্টেডিয়ামে জনসমক্ষে সিগারেট ফুঁকে সমালোচিত হয়েছিলেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। এমনকি সেই ঘটনায় মামলাও হয়েছিল তাঁর বিরুদ্ধে। এবারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্তৃপক্ষ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে শাহরুখকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ ঘটনায় এরই মধ্যে তাঁর বিরুদ্ধে পুলিশি অভিযোগও দায়ের করা হয়েছে। ১৬ মে বুধবার রাতে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেট ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়েছিলেন শাহরুখ। একপর্যায়ে কলকাতা নাইট রাইডার্স দলের ড্রেসিং রুমে গিয়ে হাজির হন শাহরুখ ও তাঁর দেহরক্ষীরা। সেখান থেকে বের হয়ে তাঁরা মূল খেলার মাঠে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন শাহরুখ। তাঁকে বলা হয়, কোনোভাবেই ভেতরে যেতে পারবেন না তিনি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এমসিএ কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এক খবরে জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।শাহরুখের এ আচরণের শাস্তি হিসেবে তাঁকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমনকি তাঁর বিরুদ্ধে পুলিশি অভিযোগও দায়ের করেছে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে এমসিএর সেক্রেটারি নিতিন দালাল জানিয়েছেন, ‘মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি আমরা।’