ওয়াইনহাউজের দেহে মাদক পাওয়া যায়নি
মাত্র ২৭ বছর বয়সে ভক্তদের কাঁদিয়ে চলে গেছেন এমি ওয়াইনহাউজ। গ্র্যামি বিজয়ী ব্রিটিশ এই গায়িকা গত ২৩ জুলাই ধরাধাম ত্যাগ করেন। ধারণা করা হচ্ছিল, মাত্রাতিরিক্ত মদ্যপান বা অবৈধ মাদক গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই প্রতিভাবান এই শিল্পীর অকালমৃত্যু। তাঁর মৃত্যুর পর পর গঠিত তদন্ত কমিটি অনুসন্ধানে নামে। সেই কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর ওয়াইনহাউজের দেহে কোনো বিষ বা অবৈধ মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে অ্যালকোহল পাওয়া গেছে। এর মাত্রা বা পরিমাণ নির্ণয় করা যায়নি। এই অ্যালকোহলের কারণেই তাঁর মৃত্যু ঘটেছে কি না তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। গত মঙ্গলবার প্রয়াত এই শিল্পীর এক মুখপাত্র এ তথ্য জানান। উদ্ভট আচরণ ও অসংলগ্ন কথাবার্তার জন্য খ্যাতি, দুর্নাম দুই-ই ছিল ওয়াইনহাউজের। তিনিই প্রথম কোনো ব্রিটিশ নারী যিনি একাধারে পাঁচ-পাঁচটি গ্র্যামি জিতেছিলেন। রয়টার্স।