
‘হর্ন’ গানের মিউজিক ভিডিওটি দেখে ওয়াকিল সম্পর্কে জানার ইচ্ছে হয়।
তিনি আসেন। শব্দদূষণের বিরুদ্ধে গান করায় তাঁকে ধন্যবাদ জানাই। তারপর বেমক্কা এক প্রশ্ন করে বসি, ‘আপনার গান মানুষ শুনবে কেন?’
প্রশ্নটা আসলেই বিদঘুটে। তাই, ‘তা তো জানি না’ বলে ভাবতে একটু সময় নেন ওয়াকিল। নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নিয়ে খানিক পরে বলেন, ‘আমি আমার গান গেয়ে যাই। গান আমার হাতিয়ার। গানে মানুষের কথা বলি। যা করতে পারিনি জীবনে, গানের মাধ্যমে সেটা করার চেষ্টা করি।’
আশ্বস্ত হই। ওয়াকিলের সঙ্গে কথা চালিয়ে যাওয়া যায়। এই যুবক হঠাৎ আলোর ঝলকানি শরীরে লাগিয়ে দিব্যি গায়ক হয়ে বসেননি। বরং গানকে ভালোবেসেছেন জীবনের মতো করে, জীবনকে জড়িয়ে নিয়ে।
ওই তথাকথিত ‘অর্জন’-এর জন্য করপোরেট হাউসগুলোর হোমরাচোমরাদের পিছে পিছে ঘুরে সময় নষ্ট করতে চাননি ওয়াকিল। মা, বাবা, শিক্ষক, গুরুজনেরা অনুপ্রেরণা দিয়েছেন। অগাধ বইয়ের সাগরে ডুব দিয়ে মানিক-রতনের সন্ধান করেছেন ওয়াকিল। তারপর বুঝছেন, জীবনে অর্জন মানে মানুষের কাছাকাছি থাকা, সঙ্গে থাকা।
তাই তিনি নিজ থেকেই বেছে নিয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা শেখানোর ভার।
ধানমন্ডি লেকের পাড়ে যে দুটি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল বসে, সময় পেলেই সেখানে যান তিনি। শিশুদের পড়ান, গান শেখান। ভালো লাগে তা।
গানে মানুষের কথা বলতে আসলে কী বোঝেন ওয়াকিল?
‘আমার গান “আমি তুমি ভালোবাসা”র মধ্যে সীমাবদ্ধ নয়। চারপাশে যা দেখি, শুনি, তাতে মনে হয় অনেক না-বলা কথা রয়ে গেছে। বিদেশি গান শুনেও হয়তো লিখবার প্রেরণা আসে। সবটা মিলিয়ে কিছু একটা করার চেষ্টা করি।’
নজরুল একাডেমিতে গান শিখেছেন ওয়াকিল আহাদ। বাবা সৈয়দ আবদুল আহাদ গানের পোকা। পারিবারিক ওস্তাদজি রঞ্জন আহমেদের কাছেও গান শিখেছেন কিশোরগঞ্জে।
মোটামুটি জগতের অনেক বিষয়ের দিকেই বাড়িয়ে দিয়েছেন শিং। চাকরি করেছেন, ব্যবসা করেছেন। গান করবেন বলে ছেড়ে দিয়েছেন সব। লোকনাট্য দলের সদস্য হয়ে থিয়েটারও করেছেন। সব সময় নতুন কিছু করার দিকে চলে যায় মন।
বলি, ‘যদি গান ভালো না লাগে, তাহলে কী করবেন?’
এখানেই ওয়াকিলকে ভালো লাগে। তিনি বলতে পারতেন, ‘গানই আমার প্রাণ, গান ছাড়া বাঁচব না’ ওই যে সবাই যা বলে। কিন্তু অনায়াসেই তিনি বললেন, ‘গান ভালো না লাগলে ছবি আঁকব, বাঁশি বাজাব।’
একটু খোঁচা দিই, ‘এখন যে গান হচ্ছে, তার বেশির ভাগই তো অকারণ চেঁচামেচি। ভালো লিরিক, ভালো সুর, ভালো পরিবেশনা কই?’
ওয়াকিল বলেন, ‘নিজেকে তৈরি করার জন্য পর্যাপ্ত সময় না দিলে এমনই ঘটবে। সময়টা অস্থির। তবে সময়ই সব ঠিক করে দেবে। এই জঞ্জালের ভেতর থেকেই ভালো কিছু উঠে আসবে।’
একক একটা সিডি আছে ওয়াকিলের, প্রজেক্ট৩৬৫ নামে একটি অ্যালবামে সাতটি বাউল গান করেছেন।
ছোটবেলা থেকে বিনা চিন্তায় ভালো লেগেছে ভারতীয় ক্ল্যাসিক্যাল। বড় বড় পণ্ডিতের গান। ছায়াছবির গান। পশ্চিমা সংগীত। বব ডিলান, বব মারলে, পিট সিগার, সুমন, মান্না দে, কিশোর কুমার, হেমন্ত, আশা, লতা।
যে গান মানুষের কথা বলে, সে গানের দিকেই ওয়াকিলের পক্ষপাত। আর হ্যাঁ, অভিনয়টা একেবারে ছেড়ে দেননি। ফাখরুল আবেদীনের ভুবন মাঝি ছবিতে অভিনয়ও করেছেন।
শিল্পীর দায়বদ্ধতা আছে বলে মনে করেন ওয়াকিল। তাই প্রকৃতি ও নদী বাঁচানোর পক্ষে তাঁর অবস্থান। একেশিয়াগাছের বিরুদ্ধে তাঁর অবস্থান।
‘হর্ন’ গানটিতে সমাজের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। যে কেউ একটু ধৈর্য নিয়ে গানটি শুনলে বুঝতে পারবেন, এই শিল্পী নিজেকে এখনো প্রস্তুত করছেন। আর হ্যাঁ, বোঝা যাবে, হঠাৎ করে বিদ্যুতের আলো বিলিয়ে বিদায় নেওয়ার কোনো ইচ্ছে নেই তাঁর।