প্রদর্শনী কক্ষে পা রাখতেই অন্য রকমের অনুভূতি তৈরি হয়। মেঝেতে ছোট ছোট পাথর ছড়িয়ে দেওয়া হয়েছে। জুতা আর পাথরের সংঘর্ষে অদ্ভুত এক শব্দ তৈরি হচ্ছে। প্রদর্শনীর শিল্পীর ভাষায়, জাপানের একটি বিশেষ ধরনের বাগানের পরিবেশ তৈরি করতে এ ধরনের পাথর মেঝেতে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ঢাকা আর্ট সেন্টারে চলছে সালাউদ্দিন আহমেদের প্রদর্শনী ‘ওয়াটার ইঙ্ক পেপার’। গত শুক্রবার এই প্রদর্শনী শুরু হয়। চলবে কাল বৃহস্পতিবার পর্যন্ত।
পেশায় তিনি একজন স্থপতি। প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য ১৯৯৬ সালে জাপানে গিয়েছিলেন। সেখানে থাকাকালে চারপাশে যা দেখেছেন তার কিছু চিত্র পেনসিল দিয়ে এঁকে রেখেছেন কাগজে। এতে বিভিন্ন স্থাপনার বিচিত্রতা ফুটে উঠেছে। পাশাপাশি রয়েছে মানুষের জীবনযাত্রা ও প্রকৃতি। ওই স্কেচগুলোর কিছু অংশ নিয়ে বই প্রকাশ করেছেন তিনি। এই বইয়ের স্কেচ এবং বইটি তৈরির বিভিন্ন পর্যায় তুলে ধরেছেন শিল্পী। প্রদর্শনীতে মূল স্কেচ, বইটি তৈরির প্রক্রিয়া ছাড়াও বইয়ের পাতাগুলো ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনী উপলক্ষে আলোচনার আয়োজন করা হয়। ঢাকা আর্ট সেন্টার মিলনায়তনে এই আলোচনায় সালাউদ্দিন আহমেদ ছাড়া আরও অংশ নেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ, স্থপতি সাইফুল হক প্রমুখ।