ওয়াটারলেস লিথোগ্রাফির ছাপচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি কসমসে রিমিক্সিং ইলিউশন প্রদর্শনীর চিত্রকর্মের সামনে অতিথিরা l প্রথম আলো
গ্যালারি কসমসে রিমিক্সিং ইলিউশন প্রদর্শনীর চিত্রকর্মের সামনে অতিথিরা l প্রথম আলো

হরিণটির পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দুজন শিল্পী। ছাপচিত্রের একেবারে নতুন ধারা ‘ওয়াটারলেস লিথোগ্রাফি’তে আঁকা সেই হরিণ। ধারাটি নিয়ে শিল্পী লায়লা শারমীনকে আরেক শিল্পী বলছিলেন, ফটোসেনসেটিভ একধরনের প্লেটে ছবিগুলো তৈরি। প্লেটগুলো পুনরায় ব্যবহারও করা যায়। পানির ব্যবহার ছাড়াই এই মাধ্যমে সরাসরি ড্রয়িং, ফটোগ্রাফি কিংবা অমনিগ্রাফ পেনসিল দিয়ে কাজ করা যায়।
গতকাল বিকেলে মহাখালীর কসমস গ্যালারি-২-এ উদ্বোধন করা হয় ১৫ দিনের একটি ছাপচিত্র প্রদর্শনী। ওয়াটারলেস লিথোগ্রাফিতে তৈরি এই ছাপচিত্র দিয়ে উপমহাদেশে এটাই প্রথম প্রদর্শনী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন জানান, স্টোন লিথোগ্রাফিতে ছবি এত পরিষ্কার হয় না, যা এই মাধ্যমে হয়। এই মাধ্যমের রয়েছে অপার সম্ভাবনা।
‘রিমিক্সিং ইল্যুশন’ নামের এই প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প সংগ্রাহক তাসমিমা হোসেন, শিল্পী আবুল বারক আলভী, গ্যালারির পরিচালক তেহমিনা এনায়েত।
প্রদর্শনীতে ২৪ জন শিল্পীর ৫০টি ছাপচিত্র স্থান পেয়েছে। এই শিল্পীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্রের শিক্ষার্থী ও শিক্ষক।
প্রদর্শনী চলবে ১৫ জুন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।