
২০০০ সালের মাঝামাঝি। মামা-চাচাদের কল্যাণে গানস্ অ্যান্ড রোজেসের সঙ্গে পরিচয়। কী মুগ্ধতা নিয়েই না অ্যাক্সেল, স্ল্যাশ ও ডাফের পরিবেশনা দেখা! ‘সুইট চাইল্ড অব মাইন’, ‘নভেম্বর রেইন’-এর মিউজিক ভিডিওতে চোখ আটকে যাওয়া। এরপর কেটে গেল অনেক দিন। মনে গেঁথে রইলেন সেই সংগীত কিংবদন্তিরা। অন্য সব ‘জিএনআর’ ভক্তের মতো আমিও অপেক্ষায় ছিলাম, আবার কবে একই মঞ্চে একসঙ্গে তাঁদের বাজাতে দেখব। অপেক্ষা যে কতটা তীব্র ছিল তা বুঝেছি অক্টোবরে, যখন জানলাম, স্ল্যাশ, অ্যাক্সেল রোজ ও ডাফ আবারও একত্র হয়েছেন। বিশ্বব্যাপী বেরিয়েছেন ‘নট ইন দিস লাইফটাইম’ সংগীত ভ্রমণে।
তাঁদের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠল। খানিকটা দুঃসাহস নিয়ে কনসার্টের আয়োজক সংস্থাকে ই-মেইল করি। উদ্দেশ্য, কেবল দর্শক নয়, এক্কেবারে ওভারসিজ রেডিও পার্টনারশিপ নিয়ে কনসার্টে যাব—এবং ভুলেও গেলাম। হঠাৎ অপ্রত্যাশিতভাবে সেই চিঠির জবাব এল, মিলল চূড়ান্ত অনুমোদন। এরপর শুরু হলো ‘এবিসি রেডিও প্রেজেন্টস ওয়ান্স ইন আ লাইফটাইম অপর্চুনিটি টু এক্সপেরিয়েন্স গানস্ অ্যান্ড রোজেস লাইভ’-এর স্বপ্নিল যাত্রা।
অসংখ্য অংশগ্রহণকারীর মধ্যে থেকে বাছাই করা ছয় বিজয়ী ও এবিসি রেডিওতে কর্মরত চারজন। ১০ জনের দল রওনা হলো থাইল্যান্ডে। হাজার মাইল পথ পাড়ি দেওয়ার ক্লান্তি নিমেষেই চলে গিয়েছিল ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্যাংককের এসজিসি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস দেখে। কী অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা সবার চোখে-মুখে। বিশাল জনসমুদ্র ঠেলে যখন প্রবেশ করেছি সেখানে, পরিচিত গানের কয়েকটি লাইন কানে এল। ভাবলাম, হয়তো অন্য কোনো ব্যান্ড গাইছে। কিন্তু না, চোখ পড়তেই দেখি, আমার কৈশোরের সুপার হিরো অ্যাক্সেল রোজ সবার উদ্দেশে চিৎকার করে সেই চিরচেনা ঢঙে বলছেন—‘ইউ নো হোয়্যার ইউ আর?’ কল্পনার অবসান ঘটল মুহূর্তেই, এত দিনের বোনা স্বপ্ন পেল পূর্ণতা! ইটজ গানস্ অ্যান্ড রোজেস্ লাইভ!

অতিরিক্ত আনন্দে কখনো কখনো অনুভূতিরা অসাড় হয়ে যায়। মন্ত্রমুগ্ধ হয়ে ‘লিভ অ্যান্ড লেট ডাই’ শুনে নতুন করে বাঁচার প্রেরণা তৈরি হলো। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর উন্মত্ততায় নিজেকে হারিয়ে ফেললাম। এরপর একে একে ‘মি. ব্রাউনস্টোন’, স্ল্যাশের জাদুকরি গিটার টিউনে ‘দ্য গডফাদার’-এর ইন্সট্রুমেন্টাল, ‘সুইট চাইল্ড অব মাইন’ এ দুরন্ত শৈশবকে খুঁজে পাওয়া, পিংক ফ্লয়েডের ‘উইশ ইউ ওয়্যার হেয়ার’-এর গিটার সলো কাভার, ‘নভেম্বর রেইন’, ‘ডোন্ট ক্রাই’-এ চোখ জোড়ায় বৃষ্টি নামানো এবং সব শেষে সবার কাঙ্ক্ষিত ‘প্যারাডাইজ সিটি’। প্রায় আড়াই ঘণ্টার পরিবেশনা সবাইকে ঘোরের মধ্যে নিয়ে গেল। একটি গভীর উপলব্ধি হলো—সংগীতের কোনো ভাষা নেই, কোনো দেশীয় সীমারেখা নেই, নেই কোনো কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ বিভেদ। ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষকে এক সুতোয় বাঁধার শক্তি শুধু সংগীতেরই আছে। সংখ্যায় আনুমানিক ৩৫–৪০ হাজার মানুষ সেদিন কনসার্টে এসেছিলেন।
গানস্ অ্যান্ড রোজেসকে দুই হাত দূরে থেকে সংগীত পরিবেশন করতে দেখার অনুভূতি লিখে ব্যক্ত করা যাবে না। কিন্তু আমার ভালো লাগার অনুভূতি আরও তীব্র হলো অন্য একটি কারণে। শুধু নিজের নয়, আরও ছয়জন ক্রেজি ‘জিএনআর’ ভক্তের স্বপ্নপূরণ করতে পেরেছি আমি। সেটা সম্ভব হয়েছে এবিসি রেডিওর কারণেই। ১০ জন সংগীতপ্রেমীর এমন বিরল অভিজ্ঞতার অংশীদার হয়ে খানিকটা গর্বও বোধ করি। প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের এত বড় কোনো অনুষ্ঠানের ওভারসিজ রেডিও পার্টনার হয়েছে বাংলাদেশি একটি স্টেশন, সে-ও আমার প্রিয় এবিসি রেডিও। ব্যাপারটি শুধু আমার নয়, দেশের রেডিও ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের জন্য একটি চমৎকার মাইলফলক।
লেখক: ব্যবস্থাপক, ব্র্যান্ড অ্যান্ড স্ট্রাটেজি, এবিসি রেডিও