ওয়ারদা: ‘অভিন্ন আরব’ স্বপ্নের কণ্ঠশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের দশকের শুরুতে ছত্রখান আরববিশ্বের মুক্তিকামী মানুষদের স্বাধিকারের মুক্ত বাতাসে বাঁচার জন্য এক অভিন্ন আরবের স্বপ্ন দেখিয়েছিলেন মিসরের তত্কালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের। তাঁর সেই স্বপ্ন কণ্ঠে তুলে নিয়েছিলেন যাঁরা, আরবের বিভিন্ন অংশের যেসব খ্যাতনামা কণ্ঠশিল্পীরা আরববিশ্বকে এক ছাতার নিচে আনার জন্য স্বপ্নের গান ‘এল ওয়াতন এল আকবর’ গেয়ে আরববিশ্বের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করেছিলেন আলজেরিয়ার কণ্ঠশিল্পী প্রয়াত ওয়ারদা আল-জাজাইরিয়া ছিলেন তাঁদের অন্যতম।‘আলজেরিয়ার গোলাপ’খ্যাত এ কণ্ঠশিল্পী মিসরের গামাল আবদেল নাসেরের ‘প্যান-অ্যারাবিজম আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁর সুকণ্ঠে ধারণ করেছিলেন ‘এল ওয়াতন এল আকবর’কে।এ আদর্শ আটলান্টিক মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত আরববিশ্বের সব দেশকে একত্র হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। এ আদর্শের অনুসারীরা পুরো আরববিশ্বের মানুষদের এক জাতি হিসেবে দেখতে চেয়েছিলেন। মরোক্কো থেকে বাহরাইন, ওয়ারদার কণ্ঠ আন্দোলিত করেছিল মুক্তিকামী আরবদের। আমৃত্যু এ আদর্শকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে গেছেন ওয়ারদা আল-জাজাইরিয়া। গভীর কৃতজ্ঞতাবোধ আর ভালোবাসায় সবাই তাঁর নাম দিয়েছিলেন ‘আলজেরিয়ার গোলাপ’।আরবদের বুকে এ অভিন্ন আরবের স্বপ্নের বীজ পুঁতেছিলেন ‘প্যান-অ্যারাবিজম’ আদর্শের স্বপ্নদ্রষ্টা মিসরের তত্কালীন রাষ্ট্রপতি প্রয়াত আবদেল নাসের—১৯৬০ সালের দিকে। আরবের বিভিন্ন জাতিসত্তার মানুষেরা উপনিবেশবাদের হাত থেকে মুক্ত হয়ে এক জাতিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সেই সময় থেকেই। খুব দ্রুত তা ক্রোধী আর মুক্তিপ্রত্যাশী এক তীব্র তীক্ষ রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। শাসক শ্রেণীর ক্ষমতার অপশাসনে ক্ষুব্ধ আরববিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ আরবকে অভিন্ন দেখার এক বিপ্লবে কোমর বেঁধেছিলেন। সে সময় ‘এল ওয়াতন এল আকবর (দ্য গ্রেট নেশন)’ গানে ওয়ারদার অন্তর্ভুক্তির অনুরোধ করেন আবদেল নাসের। গানটি লিখেছিলেন মিসরের প্রখ্যাত সংগীতপরিচালক প্রয়াত মোহাম্মদ আবদেল ওয়াহাব। গানটিতে কণ্ঠ দেন সে সময়ের জনপ্রিয় কয়েকজন কণ্ঠশিল্পী। তাঁদের মধ্যে ওয়ারদা ছাড়া আরও ছিলেন আবদেল হালিম হাফেজ, সাদিয়া, সাবা, নাগাত আল-সাগিরা ও ফাইদা কামেল।‘এল ওয়াতন এল আকবর’ গানের সুর আর গীতে ফুটে উঠেছিল সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে অভিন্ন আরবজাতি গঠন আর বিদেশি শক্তিকে পরাস্ত করার আহ্বান। গানটির কথা অনেকটা এ রকম, ‘অভিন্ন আরব আর মানুষের জয় ছাড়া কিছু চাই কী আর! ইয়েমেন, দামেস্ক, জেদ্দা...তুমি সুন্দর। মরক্কো থেকে বাহরাইনের বাতাসে ভাসছে একই জয়ের সুর। এখনই সময় এক হওয়ার।’এরপর পেরিয়ে গেছে কয়েক দশক। অভিন্ন আরবের স্বপ্ন আজও পূরণ হয়নি। অনেক রাজনীতিবিদের চেষ্টাও ব্যর্থ হয়েছে। কিন্তু থেমে থাকেননি ওয়ারদা। মিসরের ওউম কালথম কিংবা লেবাননের ফাইরুজের মতো শিল্পীদের সঙ্গে নিয়ে আরবের মানুষদের এক হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন দেশপ্রেমের বাণী-নির্ভর সব গানের মধ্য দিয়ে।এ বছরের ১৭ মে কায়রোতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ‘আলজেরিয়ার গোলাপ’ ওয়ারদা আল-জাজাইরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। অবশ্য মৃত্যুতেও থেমে থাকেননি ওয়ারদা। তাঁর অভিন্ন আরবের স্বপ্নের প্রতি সাধারণ মানুষের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে, তার প্রমাণ মিলেছে ওয়ারদার মৃত্যুর পরও।ওয়ারদাকে শেষ শ্রদ্ধা জানাতে ১৯ মে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের প্যালেস অব কালচারের সামনে জড়ো হয়েছিলেন শোকে স্তব্ধ অগণিত মানুষ। তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন প্রিয়তম এ শিল্পীর প্রয়াণে। শোকযাত্রায় অনেকের হাতেই শোভা পেয়েছে প্রয়াত এই সংগীতশিল্পীর পোস্টার। তাঁরা ওয়ারদার গাওয়া দেশপ্রেম-নির্ভর সব গান গেয়েছেন কান্নাভেজা কণ্ঠে। তাঁর শবযাত্রা পরিচালনার জন্য আলজেরিয়া সরকারের পক্ষ থেকে রিপাবলিকান গার্ডও পাঠানো হয়েছিল। সাধারণত বিরল এ রাষ্ট্রীয় সম্মান জানানো হয় আলজেরিয়ার রাজনীতিবিদদের। কিন্তু ওয়ারদার কর্ম এবং তাঁর প্রতি সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসাকে সম্মান জানাতেই এ উদ্যোগ নিয়েছিল আলজেরিয়া সরকার।ওয়ারদার মৃত্যুর পর এমন অগণিত মানুষের ঢল মনে করিয়ে দেয়, অভিন্ন আরবের আরেক স্বপ্নদ্রষ্টা এবং ওয়ারদার সহযোদ্ধা মিসরের প্রখ্যাত সংগীতশিল্পী ওউম কালথমকে। ১৯৭৫ সালে তাঁর মৃত্যুর পর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অন্তত ৪০ লাখ মানুষ। কোনো শেষকৃত্য অনুষ্ঠানে এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আরবের ইতিহাসে বিরল।