ওয়ার্দা রিহাবের নির্দেশনায় ৯০ জন শিল্পীর নাচ

বিসিবি সেলিব্রেশন কনসার্টে পাঁচটি গানের সঙ্গে থাকছে নাচ। আর নাচগুলোর নির্দেশনা দিচ্ছেন ওয়ার্দা রিহাব। ‘আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০১৪’ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩ মার্চ বিকেলে আয়োজন করা হয়েছে এই কনসার্টের।
ওয়ার্দা জানান, গানগুলো হলো ‘আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০১৪’ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে তৈরি স্বাগত সংগীত ‘উড়ছে শান্তির পায়রা’, রুনা লায়লার ‘সাধের লাউ’, সাবিনা ইয়াসমীনের ‘ও মাঝি নাও ছাইড়া দে’, কুমার বিশ্বজিতের ‘একতারা বাজাইও না’ এবং মমতাজের ‘মরার কোকিলে’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে তৈরি স্বাগত সংগীতে কণ্ঠ দিয়েছেন ফুয়াদ আল মুক্তাদির ও কোনাল। ৯০ জন নৃত্যশিল্পী অংশ নিচ্ছেন এই পুরো নৃত্যায়োজনে।
গতকাল সোমবার বিকেলে ওয়ার্দা বলেন, ‘আমরা একেবারেই শেষ মুহূর্তে এই কাজের কথা জানতে পেরেছি। এতগুলো গান, কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যে নাচগুলো তৈরি করতে হবে। আমরা নাচগুলোতে বাংলাদেশের লোকনাচ, সিলেটের মণিপুরের পুংচোলম, মিসরের লোকনাচ তানৌড়া ধারা যোগ করছি। সঙ্গে থাকবে অনেক রঙের ব্যবহার। রিকশাও যোগ করব।’
এ ছাড়া আইসিসি অফিশিয়াল ইভেন্ট গান ‘চার ছক্কা হই হই’-এর সঙ্গে নাচবেন তানজিল ও তাঁর ঈগলস ড্যান্স গ্রুপের সদস্যরা।
‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজনে সহযোগিতা করছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ ও ব্লুজ কমিউনিকেশনস।