ওয়াশিংটন মানেই ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধে কি আর তাঁর কাছের প্রযোজকেরা ভালোবেসে তাঁকে ‘ড্যাজলিং’ ওয়াশিংটন বলে ডাকেন! ড্যানজেল ওয়াশিংটন মানে যে চকচকে ঝলকানো এক রত্ন! যে রত্ন কখনোই ফিকে হয় না। ব্যর্থতার ধুলো জমে না গায়ে। মাঠে নামলে ছক্কা তিনি হাঁকাবেনই। বক্স অফিসে ধারাবাহিকতার প্রতিশব্দই এখন ড্যানজেল ওয়াশিংটন। ড্যানজেল ওয়াশিংটন মানেই এখন নিশ্চিত সাফল্য। ড্যানজেল ওয়াশিংটন মানেই এখন এই চরম মন্দার বাজারে পরম নির্ভরতা। সদ্য মুক্তি পাওয়া টু গানস ছবি দিয়ে আবারও সেই আস্থার প্রতিদান দিলেন এই ৫৯ বছর বয়সী অভিনেতা। শুরুর সপ্তাহেই এই ছবি প্রযোজকের পকেটে পুরে দিয়েছে পাক্কা দুই কোটি ৭০ লাখ ডলার। একের পর এক সুপার হিরোদের ছবি দেখে দেখে দর্শকদের ক্লান্ত চোখে ভিন্ন স্বাদ এনে দিয়েছেন ওয়াশিংটন। ভিলেনকুলকে পিটিয়ে ছাতু করা, দুষ্টের দমনই যেখানে শেষ কথা, খামোখা সুপার হিরোগিরি করতে যাওয়া কেন বাপু। সেই কাজ তো এমনিতেই করা যায়। সুপারম্যান, ব্যাটম্যান আর এক্সম্যানদের যেন সেই বার্তাই দিলেন মুক্তো-হাসির অধিকারী এই অভিনেতা।মুক্তির প্রথম সপ্তাহেই তাই সুপার হিরো উলভেরাইনকে ‘বাপি বাড়ি যা’ করে দিয়েছেন তিনি। উলভেরাইনকে টপকে গত সপ্তাহে টু গানসই ছিল টপ চার্টের টপে। এই ছবি দিয়ে নিজের রেকর্ডটা আরও ঝলমলে করে নিলেন ওয়াশিংটন। তাঁর সর্বশেষ ১৫টি ছবির ১৪টিই দারুণ ওপেনিং এনে দিয়েছে বক্স অফিসে। এই এক ডজন যোগ দুটি ছবির প্রতিটিই প্রথম সপ্তাহে দুই কোটির মাইলফলক পেরিয়েছে। এর মধ্যে আছে ড্রামা ধাঁচের ফ্লাইট, রিমেম্বার দ্য টাইটানস; আছে ক্রাইম থ্রিলার আমেরিকান গ্যাংস্টার; ধুন্ধুমার অ্যাকশনের দে জা ভ্যু কিংবা ম্যান অন ফায়ার। তাজ্জব বনতে হয় এই ভেবে, এই ১৪টি ছবি মুক্তি পেয়েছে গত ১২ বছরে। এর মানে, সাফল্যের নৌকাটির দাঁড় ওয়াশিংটন বাইছেন এক যুগ ধরে। সত্যিই অবিশ্বাস্য!আর হলিউডি মেগা তারকাদের সঙ্গে তাঁর পার্থক্য, তিনি কখনোই বিশাল হিটের ছবি হয়তো উপহার দেন না। এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ভালো ওপেনিং করা ছবির মধ্যে আছে ২০০৭ সালের আমেরিকান গ্যাংস্টার; শুরুর সপ্তাহে যেটি আয় করেছিল চার কোটি ৩০ লাখ ডলার। তাঁর অভিনীত ছবিগুলো বক্স অফিসের রেকর্ড ভাঙার ইঁদুর-দৌড়ে কখনোই শামিল হয় না বটে। কিন্তু ব্র্যাড পিট-টম ক্রুজরা যেখানে একটি মেগাহিটের ঘাড়ে আরও এক গন্ডা ফ্লপ চাপিয়ে দেন, ওয়াশিংটন সেখানে আশ্চর্য রকমের ধারাবাহিক। সর্বশেষ ১৪টি ছবি সে সাক্ষ্যই দিচ্ছে সরবে।সুপার হিরোতে তাঁর অরুচি। সিকুয়েল বা ফ্রাঞ্চাইজিভিত্তিক সিরিজ ছবিগুলোতেও। তার পরও একটা বড় ভক্তকুল ধরে রেখেছেন তিনি। খুব অল্প বাজেটের ছবি করেন। ওয়াশিংটনের ছবির বাজেট কখনোই ১০০ মিলিয়নের ঘর পেরোয় না। এই যুগের হিসাবে যেটি মাঝারি মানের বাজেটই। সাধারণত ছয় থেকে পৌনে সাত কোটির ঘরে থাকে বাজেটের অঙ্কটা। তা দিয়েই সাফল্য-বিড়ালটাকে পোষ মানিয়ে ফেলেছেন। টু গানস-এর বাজেটও যেমন ছিল ছয় কোটি ১০ লাখ ডলার।হলিউডের মূলধারার ছবিগুলো যে সময়টায় দুর্দান্ত অভিনয়ের চেয়ে দুর্দান্ত অ্যাকশনের ওপর নির্ভর করছে, রবার্ট ডি নিরো এবং রাসেল ক্রোরা যখন অ্যাকশন হিরো হিসেবে ধার হারাচ্ছেন আর অ্যাকশন হিরো হিসেবে সুখ্যাত নিকোলাস কেজ কিংবা জন ট্রাভোল্টা যখন ধার হারাচ্ছেন অভিনয়ের; সেই সময় তাঁদেরই সমসাময়িক ওয়াশিংটন অ্যাকশন আর অভিনয়—দুইয়ের মধ্যে ধরে রেখেছেন আশ্চর্য সমতা। অ্যাকশন হিরো হিসেবে তিনি সফল। আর প্রশ্নটা যখন নিখুঁততর অভিনয়ের, সফল সেখানেও। হারিকেন, মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট কিংবা গত বছরের ফ্লাইট-এ সেই অভিনয়ের ধার দেখিয়ে দিয়েছেন। ফ্লাইট তাঁকে এনে দিয়েছে ক্যারিয়ারের ষষ্ঠ অস্কার মনোনয়ন। ঠিক আছে, আমরা মেনেই নিচ্ছি ওয়াশিংটন ব্লকবাস্টার হিট উপহার দেন না। কিন্তু যে সময়টায় জনি ডেপ আর উইল স্মিথ পেটে ফ্লপের গুঁতো খেয়ে কাতর, সেই সময়টায় ওয়াশিংটনের আরও একটি শুভসূচনা। টু গানস তাই শুধু নিছক আরও একটি ছবি নয়, ওয়াশিংটনের আরও একটি ছক্কা হাঁকানোর সাক্ষী! রাজীব হাসানবিজনেস উইক অবলম্বনে