ওয়াসফিয়াকে চট্টগ্রামে সংবর্ধনা
এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন বলেছেন, ‘আমি চট্টগ্রামে বেড়ে উঠেছি, তাই পাহাড়ে ওঠা আমার কাছে বড় ব্যাপার নয়। বরং এভারেস্টের চূড়া থেকে ৪০ বছরে আমাদের দেশের নারীদের অর্জনের কথা বলার জন্যই আমার এই অভিযান।’ গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র বিশদ বাংলা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াসফিয়া এসব কথা বলেন। বিশদ বাংলার পরম্পরা মিলনায়তনে এই অনুষ্ঠানে অতিথি ছিলেন শহীদ জায়া বেগম মুশতারী শফী ও ওয়াসফিয়ার মা মাহমুদা নাহার। মুশতারী শফী বলেন, ‘ওয়াসফিয়া যে কৃতিত্ব অর্জন করেছেন, তা এ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।’ ওয়াসফিয়ার মা মাহমুদা নাহার বলেন, ‘ওয়াসফিয়া শৈশবে খুবই লাজুক ও শান্ত প্রকৃতির ছিল। তবে কিছুটা জেদিই ছিল। ওর সেই জেদই বোধহয় ওকে এভারেস্টের চূড়ায় নিয়ে গেছে।’ বিশদ বাংলার পরিচালক আলম খোরশেদ বলেন, ‘ওয়াসফিয়ার শৈশব কেটেছে চট্টগ্রামে। তিনি এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক একটি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে বিশদ বাংলায় আসেন।’ অনুষ্ঠানে আলোকচিত্রের মাধ্যমে ওয়াসফিয়া এভারেস্টের অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর এভারেস্ট জয়ের বিষয়ে বিশদ বাংলার সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। উল্লেখ্য, ওয়াসফিয়া নাজরীন গত ২৬ মে এভারেস্ট জয় করেন।