ওয়াহিদুল হক স্মরণে মিলনোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদুল হক
ওয়াহিদুল হক

কণ্ঠশীলনের আয়োজনে ‘সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর’ স্লোগান নিয়ে শুক্রবার থেকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উৎসবের তথ্য তুলে ধরেন ওয়াহিদুল হক প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওয়াহিদুল হক মৃত্যু পর্যন্ত কণ্ঠশীলনের ভাবনাকে ধারণ করেছিলেন। তিনি স্বপ্ন দেখতেন কণ্ঠশীলনের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সারা দেশে বাচিক শিল্পচর্চার কার্যক্রম ছড়িয়ে দেবেন। তাঁর সেই স্বপ্ন সংগঠনের সব সদস্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দুই দিনের এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে কণ্ঠশীলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলেন, ওয়াহিদুল হক ছিলেন একজন প্রখর জ্ঞানসম্পন্ন মানুষ। সংগীত বিষয়ে পাণ্ডিত্যের পাশাপাশি তিনি ছিলেন একাধারে বিজ্ঞানমনস্ক একজন শিক্ষক, অসাম্প্রদায়িকতার আদর্শের যোদ্ধা, সংগঠক এবং সর্বোপরি একজন তুখোড় রাজনীতিসচেতন মানুষ। এত কিছুর পর তিনি ছিলেন একজন আবৃত্তিশিল্পের কারিগরও।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্যসচিব গোলাম সারোয়ার, মীর বরকত, এনায়েত কাজল প্রমুখ। প্রসঙ্গত, ২০০৭ সালের ২৭ জানুয়ারি মারা যান ওয়াহিদুল হক।