ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব শুরু
‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’ আয়োজন করেছে কণ্ঠশীলন। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হলো তিন দিনব্যাপী এই উৎসব। উদ্বোধন করেন কণ্ঠশীলনের সাবেক সভাপতি শওকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, লিয়াকত আলী লাকী ও হাবিবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন কণ্ঠশীলনের সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী।কণ্ঠশীলনের সদস্যদের সম্মেলক কণ্ঠে গাওয়া ‘শুভ কর্মপথে ধরো’ গান গেয়ে উৎসবের সূচনা হয়। ছায়ানটের শিল্পীদের সম্মেলক গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর নালন্দা বিদ্যায়তনের শিশুরা পরিবেশন করে গান, আবৃত্তি আর নাটিকা। কথা আবৃত্তি চর্চা কেন্দ্র পরিবেশন করে ‘নোটনের জন্য শোক’। এরপর জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় একক আবৃত্তি। উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার সকালে এক শোভাযাত্রা বের করা হয়। আজ উৎসবের শেষ দিন।