ওয়েবে দেখার মতো

নাবিলার দিন-রাত্রি
স্ট্রিম করছে: বায়োস্কোপ
অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা বাড়িতে বসেই বানিয়ে ফেললেন ধারাবাহিক একটি আড্ডার অনুষ্ঠান। নাম দিয়েছেন নাবিলার দিন-রাত্রি। এই অনুষ্ঠানে এরই মধ্যে অংশ নিয়েছেন মম, মিথিলা, সারিকা, সজল, নাঈম, নাদিয়ার মতো তারকাশিল্পীরা। অনুষ্ঠানের প্রতিটি পর্ব তোলা আছে বায়োস্কোপ লাইভে।

চিন্টু কা বার্থডে
স্ট্রিম করছে: জি ফাইভ
পুরো ছবিটি একটা বাড়িতে হয়েছে, চরিত্র হাতে গোনা কয়েকটি। খুব স্বল্প পরিসরে আর স্বল্প আয়োজনে বানানো ছিমছাম একটি ছবি চিন্টু কা বার্থডে। ছবিতে ছোট্ট চিন্টুর একটাই চাওয়া—বন্ধুদের নিয়ে আনন্দময় এক জন্মদিন কাটাবে। কিন্তু তাতে বাঁধ সাধে যুদ্ধ! ইরাকের বাগদাদে মার্কিন সেনাদের এক আকস্মিক হামলা চিন্টুর জন্মদিনের পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। ছবিতে অভিনয় করেছেন বিনয় পাঠক, তিলোত্তমা সোম, বেদান্ত চিবার।

আফসোস
স্ট্রিম করছে: অ্যামাজন প্রাইম
আত্মহত্যা করতে মরিয়া হয়ে ওঠা এক ব্যক্তি ও একজন খুনিকে ঘিরে আফসোস সিরিজের গল্প। সিরিজটি এর গল্প, শিল্পীদের অভিনয় আর টান টান উত্তেজনার কারণ বেশ সাড়া ফেলেছে। তেমন বড় তারকা নেই এই সিরিজে, অভিনয়ে পাকা শিল্পীদের কাজ ধরে রাখে দর্শকদের। সিরিজটি অ্যামাজন প্রাইম স্ট্রিম করছে।