ওয়েবে বিপ্লবের ৬ গান
প্রমিথিউসের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ঈদকে সামনে রেখে কণ্ঠশিল্পী বিপ্লব ছয়টি গান প্রকাশ করতে যাচ্ছেন। আসছে রোজার ঈদের জন্য বেশ কয়েকটি গানের কাজ শুরু করেছেন তিনি। এর মধ্যে থাকবে ব্যান্ড প্রমিথিউসের গান, নিজের একক ও দ্বৈত গান। বিপ্লব জানিয়েছেন, তাঁর সুর-সংগীতায়োজনে এখানে বেশ কয়েকজন নতুন শিল্পীর গানও থাকবে। এসব নতুন গান ঈদ উপলক্ষে প্রকাশ করা হবে প্রমিথিউসের নিজস্ব ওয়েবসাইটে। এই সাইটটির মাধ্যমে গত এক বছর ধরে নিজেদের গান শ্রোতাদের জন্য প্রকাশ করছেন বিপ্লব।বিপ্লব বলেন, ‘গত কয়েক মাস আসলে বিদেশ সফর নিয়ে ব্যস্ত ছিলাম। এবার দেশে ফিরেই নতুন গান তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কারণ, শ্রোতাদের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি রয়েছে যে প্রতিটি উত্সবে আমরা নিজেদের নতুন গান প্রকাশ করব। ব্যান্ড ও নিজের গান ছাড়াও বেশ কজন নতুন শিল্পীর গানও প্রকাশ করার ইচ্ছে রয়েছে ঈদে।’দেশ-বিদেশের বিভিন্ন সফর নিয়ে গত দুই মাস ব্যস্ত সময় পার করেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব। অবশ্য বর্তমানে বিদেশ-কেন্দ্রিক ব্যস্ততা খানিকটা কমিয়ে বর্তমানে নতুন গানের কাজে মনোযোগী হয়েছেন তিনি। এর আগে নিজের ব্যান্ড প্রমিথিউসকে নিয়ে তিনি কাতারসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সংগীত পরিবেশন করেছেন। উল্লেখ্য, সর্বশেষ বৈশাখে নিজেদের নতুন গান প্রকাশ করেছিল প্রমিথিউস।