কক্বরক ভাষায় রবীন্দ্রসংগীত
ত্রিপুরা জাতিগোষ্ঠীর ভাষা কক্বরকে এবার রবীন্দ্রসংগীত গেয়েছেন অনামিকা ত্রিপুরা। আর তাঁর গাওয়া গান নিয়ে বেরোচ্ছে অ্যালবাম গাম সামুংলি লামাতৈ (শুভ কর্মপথে)। এতে গান রয়েছে ছয়টি—শুভ কর্মপথে (গাম সামুংলি লামাতৈ), এই কথাটি (ঈ কক্ন), সেদিন দুজনে (অসাল কাইলই), আজ জ্যোৎস্না রাতে (তিনি নাখাপিলাগো), হে ক্ষণিকের অতিথি (ও ফুংসালি) এবং কতবার ভেবেছিনু (বৈসুকসে ওয়ানসুজাক)। গানগুলো তিনি একবার বাংলায়, আরেকবার কক্বরকে গেয়েছেন। শুধু গান গাওয়া নয়, গানগুলোকে কক্বরক ভাষায় রূপান্তর করেছেন অনামিকা নিজেই। কক্বরক ভাষায় গানগুলোর স্বরলিপি করেছেন আজিজুর রহমান। আর এ কাজে তাঁকে সহায়তা করেছেন অনামিকা। একটি গান দ্বৈত কণ্ঠে গেয়েছেন অনামিকা ও আজিজুর রহমান।অনামিকা বললেন, ‘পাহাড়ি জাতিগোষ্ঠীর অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। আমি কিন্তু বাসায় কক্বরক ভাষাই বেশি ব্যবহার করি। আমি চাই, পাহাড়ে যে জুম চাষ করছে, সেও যেন রবীন্দ্রনাথের গানকে বুঝতে পারে। ত্রিপুরা জাতিগোষ্ঠীর সবার কাছে তাদের ভাষায় রবীন্দ্রনাথের গানকে পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করছি। সমতলের গানকে আমি পাহাড়ের মানুষজনের কাছে পৌঁছে দিতে চাই। পাশাপাশি পাহাড়ের গানকেও সমতলের সবার কাছে তুলে ধরতে।’অনামিকা জানান, এর আগে কক্বরক ভাষায় রবীন্দ্রনাথের গান নিয়ে কেউ কাজ করেনি। এই অ্যালবামের কাজ করতে তাঁর সময় লেগেছে প্রায় ১০ মাস। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিও কক্বরকে রূপান্তর করে গেয়েছেন তিনি।বললেন, ‘এই গানের মধ্য দিয়ে পাহাড়ের মানুষজন একুশে ফেব্রুয়ারিকে অনুভব করতে পারবে।’রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনামিকার অ্যালবামটি বাজারে আনছে লেজার ভিশন। পাশাপাশি শুভ কর্মপথে নামের একটি বইও আসছে তাঁর।