কক্সবাজার সৈকতে ‘বিজয় বালু ভাস্কর্য উৎসব’ আজ
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের সার্ফিং পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা বালু আর পানি দিয়ে গড়েছেন জাতীয় স্মৃতিসৌধ এবং সাতজন শহীদ বীরশ্রেষ্ঠর ভাস্কর্য। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘বিজয় বালু ভাস্কর্য উৎসব’। আজ মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে এই ভাস্কর্যের উদ্বোধন করা হবে।পরিবেশবাদী সংগঠন গ্রিন ওয়ার্ল্ড দেশের মানুষকে মুক্তিযুদ্ধ এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে ধারণা দিতে সৈকতে দ্বিতীয়বারের মতো এই বালু ভাস্কর্য উৎসবের আয়োজন করছে। গত বছর ২৪ মার্চ গ্রিন ওয়ার্ল্ডের উদ্যোগে প্রথম বালু ভাস্কর্য উৎসবের আয়োজন করা হয়।গতকাল সোমবার সৈকতে গিয়ে দেখা গেছে, শিল্পীরা বালুর ভাস্কর্য তৈরিতে ব্যস্ত। কাঠের ভিত্তির ওপর বালু আর পানি দিয়ে তৈরি করা হচ্ছে নয় ফুট উচ্চতার জাতীয় স্মৃতিসৌধের ভাস্কর্য। এর ১০ ফুট দক্ষিণ পাশে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আট ফুট দীর্ঘ ভাস্কর্য। তাঁর পাশে একই দূরত্বে থাকছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও হামিদুর রহমানের ভাস্কর্য। আর স্মৃতিসৌধের উত্তর পাশে আছে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ, মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মতিউর রহমানের প্রতিকৃতি। স্মৃতিসৌধের সামনে করা হয়েছে ১৫ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের বধ্যভূমি।চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক মো. এনামুল হক, এ এ এম কাউসার হোসেন ও আতিকুল ইসলামের তত্ত্বাবধানে ২২ জন শিক্ষার্থী এসব ভাস্কর্য নির্মাণ করছেন। ৯ ডিসেম্বর থেকে তাঁরা এই কাজ শুরু করেন। শিল্পীরা জানালেন, গত মঙ্গলবার দুপুর ১২টার মধ্যেই সব ভাস্কর্য তৈরির কাজ শেষ তাঁরা শেষ করেবেন। তিন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধ নির্মাণ করছিলেন শিক্ষক এ এ এম কাউসার হোসেন। তিনি বললেন, ‘অতীতে দেশের কোথাও এত বড় জাতীয় স্মৃতিসৌধসহ একসঙ্গে সাত বীরশ্রেষ্ঠর বালুর ভাস্কর্য তৈরির নজির নেই। আমরা দেশকে মায়ের মতো ভালোবাসি বলেই মুক্তিযুদ্ধের চেতনা ও বীরশ্রেষ্ঠদের বীরত্বগাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এখানে হাজির হয়েছি।’হামিদুর রহমানের ভাস্কর্য তৈরি করছিলেন, ভাস্কর্য বিভাগের ছাত্র দীপক রঞ্জন সরকার ও সফিকুল ইসলাম। তাঁর পাশে রুহুল আমিনের ভাস্কর্য তৈরি করছিলেন একই বিভাগের শিক্ষার্থী শারমিন নওরিন, মোহাম্মদ জামান ও রাশিদুল হাসান।উৎসবের আয়োজকদের পক্ষে গ্রিন ওয়ার্ল্ডের নির্বাহী পরিচালক হেদায়েতুল ইসলাম জানান, আজ বিকেল চারটায় এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে।গ্রিন ওয়ার্ল্ডের প্রকল্প পরিচালক তৌফিক এলাহী জানান, স্মৃতিসৌধসহ আটটি ভাস্কর্য তৈরি করতে মোট ৬১ ট্রাক বালুর প্রয়োজন হয়েছে। রামু উপজেলার বিভিন্ন স্থান থেকে বালু ও কাঠ সংগ্রহ করা হয়। পুরো উৎসব আয়োজনে প্রায় ১৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। বেসরকারি কয়েকটি সংস্থা এই অর্থের জোগান দিচ্ছে।