কক্সবাজারে আজ ‘আদিবাসী মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে আজ হবে ‘আদিবাসী মেলা’। যৌথভাবে এটি আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও চ্যানেল আই। মেলার প্রকল্প পরিচালক আবদুর রহমান জানান, এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে এই উত্সব। এখানে সারা দেশ থেকে চাকমা, মারমা, রাখাইন, সাঁওতাল, মণিপুরি, মান্দি, খিয়াং, চাক, বম, তঞ্চঙ্গা, ম্রো, লুসাইসহ ১৮টি আদিবাসী সম্প্রদায় অংশ নিচ্ছে। তারা এসেছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাজশাহী, নেত্রকোনা, সিলেট ও মৌলভীবাজার থেকে। উত্সব শুরু হবে বেলা ১১টায়। সারা দিনের এই আয়োজনে আদিবাসী সম্প্রদায়গুলো তাদের ঐতিহ্যবাহী নাচ-গান করবে। থাকবে তাদের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে ফ্যাশন শো, ‘প্রিয়দর্শিনী’ প্রতিযোগিতা। বিভিন্ন স্টলে আদিবাসী সম্প্রদায়ের দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিসপত্র, গয়না, বাদ্যযন্ত্র এবং খাবার প্রদর্শন করা হবে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা তো সারা বছর রবীন্দ্র, নজরুল, বিজয় দিবসসহ নানা ধরনের মেলার আয়োজন করি। সেই দৃষ্টিকোণ থেকে দেশের ১৮টি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে পুরো একটা দিন উত্সব করছি।’ পুরো আয়োজনটি বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে।