কক্সবাজারে কমেডি উৎসব

তিন দিনের কমেডি উৎসবের আয়োজন করেছে কক্সবাজার কমেডি ক্লাব। ‘উইন্টার কমেডি শো’ নামের এই আয়োজনটি হবে কক্সবাজার সংস্কৃতি কেন্দ্রে। ২৩ থেকে ২৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এই শোতে সহযোগিতা করছে ঢাকার কমেডিয়ানদের ক্লাব ‘বুনো পায়রা’।
এই শোতে অংশ নেবেন ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার কমেডিবিষয়ক রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণকারীরা। তাঁদের মধ্যে অনেকেই বিভিন্ন মৌসুমে বিজয়ী হয়েছেন। এই প্রতিযোগিতার সিজন–৬-এর বিজয়ী ও ‘বুনো পায়রা’র প্রতিষ্ঠাতা আবু হেনা রনি উৎসবটি প্রসঙ্গে বললেন, তিনি ছাড়াও কক্সবাজারের উইন্টার কমেডি শোতে অংশ নেবেন শাওন, সাইফুল, আরমান, হৃদয়, পাভেল, কায়কোবাদ, শশী, কলি প্রমুখ। দর্শনির বিনিময়ে দর্শকেরা এই শো উপভোগ করতে পারবেন।
রনি বললেন, ‘আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। দেশের সব নামকরা কমেডিয়ান এক জায়গায় হয়ে উৎসবটি সফল করব। কমেডির পাশাপাশি উৎসবে স্থানীয় ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করা হবে।’