কক্সবাজারে জয়ের প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে ‘প্রার্থনা’ ছবির গানের শুটিংয়ে জয় ও মৌসুমী নাগ
কক্সবাজারে ‘প্রার্থনা’ ছবির গানের শুটিংয়ে জয় ও মৌসুমী নাগ

কক্সবাজারে শুরু হয়েছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রথম সিনেমা ‘প্রার্থনা’র শুটিংয়ের কাজ। ইমন সাহার সুর-সংগীতে ন্যান্সি ও কিশোরের গাওয়া গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং শুরু হয়। প্রথম দিনের দৃশ্যায়নে অংশ নিয়েছেন কল্যাণ, মৌসুমী নাগ ও জয় নিজে।

কক্সবাজার থেকে টেলিফোনে ‘প্রথম আলো’র সঙ্গে আলাপকালে জয় বলেন, ‘প্রথম সিনেমার শুটিং, তাই পুরো ব্যাপারটি অন্য রকম লাগছে। এখানে আমরা টানা ছয় দিন শুটিং করব। এরপর ঢাকায় কাজ করব। অভিনয় জীবনের দীর্ঘ সময়ের অর্জিত অভিজ্ঞতা পরিচালনার ক্ষেত্রে আমাকে বেশ সহযোগিতা করছে।’

‘প্রার্থনা’ ছবির গল্প প্রসঙ্গে জয় বলেন, ‘ব্যস্ততার কারণে আধুনিক সমাজে মা-বাবা তাঁদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না। এতে করে সেসব সন্তানের অনেকে বিপথে চলে যায়। মা-বাবার কাছ থেকে পর্যাপ্ত সময় না পেয়ে সন্তানেরা কীভাবে বিপথে যায়, সেটাই আমি ছবিটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সমসাময়িক প্রেক্ষাপটের আরও কিছু বিষয়ও থাকবে ছবিটিতে।’

‘প্রার্থনা’ সিনেমায় মোট গান থাকছে ছয়টি। সবগুলো গানের সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। জয় জানান, এরই মধ্যে চারটি গানে কণ্ঠ দিয়েছেন ফেরদৌস আরা, মমতাজ, ন্যান্সি, কনা ও কিশোর। বাকি দুটি গানে কণ্ঠ দেবেন এস আই টুটুল ও কোনাল।

১৯৯৭ সালে ‘গোধূলি লগ্নে’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন শাহরিয়ার নাজিম জয়। দীর্ঘ ১৭ বছরের অভিনয় জীবনে নাটক লেখা এবং পরিচালনাও করেছেন জয়। এবারই প্রথম সিনেমা বানাচ্ছেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মীয়মাণ ছবিটির নাম শুরুতে রাখা হয় ‘আমরা যারা মা-বাবা’। পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘প্রার্থনা’। পরিচালনা এবং অভিনয়ের পাশাপাশি  সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং গানও লিখেছেন জয় নিজেই। 

জয় অভিনীত প্রথম সিনেমা ‘জীবনের গল্প’। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ছবিটি ২০০৬ সালে মুক্তি পায়। এরপর মুক্তি পায় ‘এই যে দুনিয়া’, ‘গ্রামগঞ্জের পিরিতি’ ও ‘পাষাণের প্রেম’। প্রথম তিনটি ছবিতে নায়িকা ছিলেন শাবনূর, আর শেষেরটিতে অপু বিশ্বাস।