কক্সবাজারে নতুন প্রেক্ষাগৃহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে নতুন বিনোদনকেন্দ্র হিসেবে যুক্ত হচ্ছে মাল্টিপ্লেক্স । ঈদের দিন থেকে ঢাকার মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স কক্সবাজারে তাঁদের নতুন একটি প্রেক্ষাগৃহ চালু করছে। কক্সবাজারের হোটেল সায়মনে যাত্রা শুরু করবে এ প্রেক্ষাগৃহটি।
হোটেল সায়মন এবং স্টার সিনেপ্লেক্সের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এটি। ডলবি সাউন্ড সিস্টেম ও টুকে ডিজিটাল প্রজেকশন সিস্টেমের এই প্রেক্ষাগৃহের দর্শক ধারণ ক্ষমতা ২০০।
কক্সবাজারে নতুন প্রেক্ষাগৃহটি নিয়ে স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান বলেন, ‘আপাতত আমাদের এই প্রেক্ষাগৃহটি একটি স্ক্রিন নিয়ে যাত্রা করছে। তবে খুব শিগগিরই এই প্রেক্ষাগৃহেই আমরা তিনটা স্ক্রিনে ছবির প্রদর্শনী শুরু করব। সমুদ্রদর্শনের পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটক, এখানকার সার্ফার ও স্থানীয়দের বিনোদনে নতুন কিছু যোগ করতেই আমাদের এ উদ্যোগ।’
মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‌ঈদুল ফিতরের দিন থেকে একসঙ্গে তিনটি হলিউডি ছবি প্রদর্শিত হবে নতুন এ প্রেক্ষাগৃহে। ছবিগুলো হলো, ‘কনজুরিং টু’, ‘দ্য লিজেন্ড অব টারজান’ ও ‘দ্য জাঙ্গল বুক’। শিগগিরি এ তালিকায় যোগ হবে নতুন বাংলা ছবিও।