কক্সবাজারে বিনোদন সাংবাদিকদের নিয়ে সেমিনার
চ্যানেল আইয়ের যুগপূর্তি ও বিনোদন সাংবাদিকতার ছয় দশক উপলক্ষে কক্সবাজারে এক সেমিনারের আয়োজন করা হয়। গত শনিবার সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে ‘বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেলের প্রসারে বিনোদন সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পাক্ষিক আনন্দভুবনের নির্বাহী সম্পাদক সৈকত সালাউদ্দিন। এখানে স্যাটেলাইট চ্যানেল ও বিনোদন সাংবাদিকতার বর্তমান অবস্থা এবং এর সম্ভাবনা তুলে ধরা হয়। এই প্রবন্ধের ওপর আলোচনা করেন বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক ম্যাগাজিনের কয়েকজন সাংবাদিক। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘অভিনয়শিল্পীদের মান উন্নয়ন ও নতুন নতুন অভিনয়শিল্পী তৈরি করার জন্য চ্যানেল আই উদ্যোগ নিয়েছে। আগামী অক্টোবর মাস নাগাদ আমরা একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট শুরু করতে যাচ্ছি।’তিনি আরও বলেন, ‘যেখানেই বাংলা ভাষাভাষী মানুষজন আছেন, সেখানেই এখন বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেলগুলো জনপ্রিয় হচ্ছে।’সেমিনারে আরও বক্তব্য দেন রান্নার বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান ও পরিচালক মুশফিকুর রহমান এবং চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ অনুষ্ঠান ব্যবস্থাপক আমিরুল ইসলাম। সঞ্চালনা করেন অপু মাহফুজ।