কক্সবাজারে ‘ছোটকাকু’
ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ছোটকাকু। এর নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। ‘ছোটকাকু’র চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। পরিচালনাও করছেন তিনি। গত রোববার থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে কক্সবাজারে। প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’।আফজাল হোসেন বললেন, ‘আড়াই বছর পর টিভি নাটকের কাজ করছি। ছোটকাকু সিরিজ নিয়ে ১০০ পর্বের ধারাবাহিক হবে। ছোটকাকু চরিত্রটি নিয়ে সাগর অনেকগুলো উপন্যাস লিখেছেন। সেগুলো নিয়ে আমরা বছর দুয়েক যাবৎ কাজ করেছি। এই সময়ে আমরা নানা ধরনের প্রস্তুতি নিয়েছি।’ কিশোর উপন্যাস নিয়ে কাজ করার ব্যাপারে আফজাল হোসেন বললেন, ‘টিভি চ্যানেলগুলোতে নাটকের অভাব নেই। সব নাটকের গল্পই সেই নারী-পুরুষ, তাদের প্রেম-ভালোবাসা, সংসার—এমনই কিছু বিষয় নিয়ে। কিন্তু যদি এখানে বিষয়-বৈচিত্র্য থাকে, তাহলে দর্শক তা দেখার ব্যাপারে আগ্রহী হয়। আমি মনে করি, ছোটকাকু তেমনি একটি ধারাবাহিক হবে।’ নাটকটির শুটিং হবে দেশের বিভিন্ন জেলায়। আফজাল বললেন, ‘গল্পে যে জেলার বর্ণনা রয়েছে, শুটিং সেখানেই হবে। নাটক দেখার পাশাপাশি ওই অঞ্চলের ব্যাপারে একটা ধারণাও পাওয়া যাবে।’ছোটকাকুর সহযোগী দুজনের চরিত্রে অভিনয় করছেন অর্ষা ও সীমান্ত।