কখন কীভাবে এখানে কে জানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডালো ব্যান্ডের সদস্যরা
ইনডালো ব্যান্ডের সদস্যরা

প্রথম প্রশ্ন জন কবিরকে, ‘কখন, কীভাবে, এখানে, কে জানে?’ একই প্রশ্নে দুটি উত্তর দিলেন জন, ‘একটা ব্যান্ড ছেড়ে অনেকে ব্যক্তিগতভাবে গান করেন। ব্ল্যাক ছেড়ে আসার পর আমি অনেক দিন কোনো গানই করিনি। তবে অনেক গান শুনেছি। কল্পনাও করিনি আরেকটা ব্যান্ড দাঁড় করাব। বন্ধু জুবায়েরের সঙ্গে বাসায় বসে গান করতাম। এভাবেই একসময় কীভাবে যেন “ইনডালো” দাঁড়িয়ে গেল!’
৫ সেপ্টেম্বর বাজারে আসছে ইনডালো ব্যান্ডের প্রথম অ্যালবাম কখন কীভাবে এখানে কে জানে। জনের উত্তরে আমরা ব্যান্ডটির গঠনপ্রক্রিয়া এবং অ্যালবামের নামকরণের ‘ইতিহাস’—দুটিই জানলাম। আর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই জানা হয়েছিল, ৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানের রেডিয়াস গ্যালারি অ্যান্ড অডিটোরিয়ামে অ্যালবামের মোড়ক খুলবে ইনডালো। বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে গান, সঙ্গে মিলবে ব্যান্ডের নাম ও লোগোখচিত লকেট, ব্যাজ, ব্রেসলেট, টি-শার্ট ও পোস্টারের মতো স্মারকের বিকিকিনি। আর ইনডালোর সবার সঙ্গে ছবি তোলার সুযোগও নিশ্চয়ই মিস করতে চাইবেন না ভক্তরা।
নতুন ব্যান্ড, নতুন অ্যালবাম, নতুন কী থাকছে শ্রোতাদের জন্য? জন বললেন, ‘সেই দায়িত্ব শ্রোতাদের ওপরই ছেড়ে দিলাম। তাঁরাই বিচার করবেন, কেমন করলাম, কী করলাম।’
অ্যালবামে ১৩টি গান থাকছে। এর মধ্যে ‘আইএসডি’ এবং ‘তোমার সকাল’ গানটি ইউটিউব আর এফএম রেডিওতে ছেড়েছে ইনডালো। শ্রোতাদের সাড়া কেমন? প্রশ্নে সাড়া দিয়ে জন বললেন, ‘আমাদের কাজ গান করা। ফেসবুক, ইউটিউবের লাইক-শেয়ারে আমার খুব একটা আগ্রহ নেই। কনসার্টে আমাদের সঙ্গে কেউ গলা মেলালে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।’
সেই ‘বড় পাওয়া’র জন্যই টানা তিন বছর গান বেঁধেছে ইনডালো। গানগুলোও ছিল প্রস্তুত। তবে ‘আসছে-এলো’ করেও ক্যালেন্ডারে চিহ্নিত করা যাচ্ছিল না অ্যালবামের মুক্তির দিনটি। এটার কারণ সম্পূর্ণ ব্যবসায়িক। গান লিখে, সুর করে এবং গেয়েও নিস্তার নেই ব্যান্ড বা শিল্পীর! ‘প্রোডাকশন’ও যে এখন বড় মাথাব্যথা তাঁদের জন্য। ইনডালোও মুক্ত ছিল না এই হ্যাপা থেকে।
তবে ‘হ্যাপা’ মাথায় না নিয়ে ‘হ্যাপি’ই থাকতে চায় ইনডালো। ব্যক্তি জন কবিরের মূলমন্ত্রের স্পষ্ট ছাপ তাঁদের ব্যান্ডেও—গান হবে আনন্দের জন্যই। ইনডালো নামের প্রতীকটা দেখলে মনে হয়, কেউ একজন দড়িলাফ খেলছে মনের আনন্দে। জনের ভাষায়, ‘আমরাও তেমন আনন্দ নিয়ে গান করতে চাই। একসঙ্গে গান করার সময় দায়বদ্ধতা কাজ করলে আনন্দ আর থাকে না। ইনডালোতে সেই দায়বদ্ধতার ব্যাপারস্যাপার নেই।’
ইনডালোতে জন কবিরের সঙ্গে আছেন জুবায়ের চৌধুরী, বার্ট আড়েং ও ডিও হক। জনের কাছে নিশ্চয়ই এই অ্যালবামের মাহাত্ম্য অন্য রকম। মাঝে যে কেটে গেছে অ্যালবামের স্বাদহীন বেশ কটা বছর। ‘যারা আমার কিংবা আমাদের গান ভালোবাসেন, তাদের কথা ভেবে ভালো লাগছে।’ বলছিলেন জন, ‘তবে এটা বলতে পারি, এ পর্যন্ত যতগুলো অ্যালবাম আর গানে কাজ করেছি, তার মধ্যে এই অ্যালবামে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আমি যা করতে চাই, সেটা এখানে করতে পেরেছি।’ তাহলে কি এই অ্যালবামটাকে ব্যক্তিগত সেরা অর্জন মানবেন? জন মাথা নাড়েন, ‘আমি যখন অ্যাকুস্টিক গিটার নিয়ে নিজের ঘরে একদম একা গান করি, সেটাকেই বড় অর্জন মনে হয়। গান করতে পারাই আমার কাছে সবকিছু।’
শেষ প্রশ্ন, ‘সামনে আর কী করবে ইনডালো? নাকি এটাও “কখন কীভাবে এখানে কে জানে”?’ জন হাসেন, বলেন, ‘ঈদের পর শো করতে চাই। ইউটিউবের জন্য মিউজিক ভিডিও করার পরিকল্পনাও আছে। শ্রোতাদের শুধু এটুকুই বলি, হৃদয়ের পুরোটা দিয়ে গান শুনুন। আনন্দই বড় কথা।’

>
.
.
ইনডালোর মানে
ব্যান্ডের ভাষায়, ‘ইনডালো নামটা কোনো উচ্চমার্গীয় চিন্তা থেকে দেওয়া হয়নি। এটি ইংরেজি শব্দ নয় বা কোনো নির্দিষ্ট মানেও নেই ইনডালোর। এটি একটি চিহ্নের মতো। একধরনের গুহাচিত্র।’ উইকিপিডিয়া বলছে, ইনডালো একটি প্রাগৈতিহাসিক ‘ম্যাজিক্যাল’ স্মারকচিহ্ন। এটি খুঁজে পাওয়া গিয়েছিল স্পেনের এক গুহায়, খ্রিষ্টের জন্মের আড়াই হাজার বছর আগে। স্পেনের কিছু অঞ্চলের বাড়িঘরে এটি আঁকা হতো শয়তানের অশুভ দৃষ্টি থেকে সুরক্ষিত থাকতে। অ্যাইবেরিয়ান ভাষায় ইনডালো মানে ঈশ্বরের বার্তাবাহক।