কখনো আমি রুমী কখনো জাহানারা ইমাম: বিপাশা হায়াত

মায়ের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনতেন
মা মাহফুজা খাতুনই মুক্তিযুদ্ধের গল্প বেশি বেশি শোনাতেন বিপাশাকে। কখনো খাবারের টেবিলে, কখনো ঘরোয়া আড্ডায়। আগুনের পরশমণি ছিল বিপাশার অভিনয়জীবনের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক কাজ। প্রথম যখন অভিনয়ের প্রস্তাব পান, মায়ের সঙ্গে আলাপ করেন। বিপাশা বললেন, ‘প্রথমত মুক্তিযুদ্ধের একটা চলচ্চিত্র হওয়ার কারণে এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ যেমন ছিল, তেমনি আনন্দেরও। আমার জন্ম কিন্তু একেবারে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার দুই দিন আগে। ২৩ মার্চ। সে সময়টায় ২৫ মার্চের কী অবস্থা ছিল, ঢাকা শহরের অবস্থা কেমন ছিল, বিশেষ করে রাত্রির (আগুনের পরশমণি ছবিতে বিপাশা অভিনীত চরিত্র) বয়সী মেয়েরা কীভাবে কথা বলত, কীভাবে চলত, কোন ধরনের পোশাক পরত—এসব আমি মায়ের কাছ থেকে শুনতাম। মায়ের পাশাপাশি আমার ফুপু, মামির কাছ থেকে অনেক কিছু জেনেছি। যুদ্ধের সময় মায়ের তোলা কিছু স্থিরচিত্র ছিল, সেগুলো দেখতাম। রাত্রি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর আরও অন্যভাবে সবকিছু দেখা শুরু করলাম। আমি যদি সেই মেয়েটি হয়ে উঠতে চাই বা সেই মেয়ের জায়গায় নিজেকে বসাতে চাই, তাহলে কী করতে হবে?— এটা আমার সব সময় মনে হতো। এই ধরনের চরিত্রের জন্য সারল্য একটা বড় ফ্যাক্টর। মা যেহেতু একাত্তরের ভয়াবহতার মধ্য দিয়ে গেছেন, তিনি বাসায় অনেক কিছুই আমাকে শিখিয়েছেন।’

হুমায়ূন আহমেদই সহজ করে দিয়েছিলেন
‘মুক্তিযুদ্ধের ছবি মানেই যে একটা যুদ্ধক্ষেত্রে কাজ করতে হবে, তেমন কিছু কিন্তু ছিল না। হুমায়ূন আহমেদ তাঁর স্ক্রিপ্টে সবকিছু সহজ করে দিতেন। মুক্তিযুদ্ধ মানেই যুদ্ধক্ষেত্রে ফাটাফাটি কিছু হচ্ছে, তেমন নয়। খুব সহজ, সরল ও সাবলীল একটা গল্পের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আবহ ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। হুমায়ূন আহমেদ তাঁর সৃষ্ট চরিত্রগুলো দিয়ে মুক্তিযুদ্ধের বার্তা সহজ ও সুন্দরভাবে পৌঁছে দিতেন। তবে শুটিংয়ের আগে তিনি সবাইকে নিয়ে বসতেন। আগুনের পরশমণি ছিল তাঁরও প্রথম পরিচালিত সিনেমা। কতবার যে শুটিংয়ের আগে বসেছি, তার কোনো হিসাব নেই। আসলে হুমায়ূন আহমেদ যখন কোনো চিত্রনাট্য তৈরি করতেন, তখন কারও আর বেশি কিছু বলার থাকত না। যা লিখে দিতেন, সেখানেই সবকিছু পরিষ্কার থাকত।’— হুমায়ূন আহমেদকে নিয়ে এভাবেই বললেন বিপাশা হায়াত।
অনুপ্রেরণায় জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’
আগুনের পরশমণি ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার অনেক আগেই বিপাশা হায়াত পড়েছিলেন একাত্তরের দিনগুলি। মুক্তিযুদ্ধভিত্তিক জাহানারা ইমামের বইটি বিপাশার কল্পনায় এঁকে দেয় মুক্তিযুদ্ধের চিত্র। এটাই নাকি ছবিটিতে অভিনয়ের সময় সহায়ক হয়েছিল তাঁর। বিপাশা বলেন, ‘জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি থেকে মুক্তিযুদ্ধের ভয়াবহতার যে চিত্র আমি পেয়েছি, তা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বইটি পড়ার পর কিছু অনুভূতি তো আমার মনের ভেতরে ছিল। সেটাই আমি ধারণ করেছিলাম আমার মতো করে। এমনকি কল্পনায়ও। বই যখন পড়ি, নিজের মতো করে একটা কল্পনা করি। জাহানারা ইমামের লেখা যখন পড়তাম, কখনো আমি রুমী হয়ে যেতাম, কখনো জাহানারা ইমাম, কখনো তাঁর স্বামী হয়ে যেতাম। প্রতিটা চরিত্রে আমি নিজেকে দেখতে পেতাম। ভিজ্যুয়ালাইজ করতে পারতাম। সেভাবেই কিন্তু আমার মাথার মধ্যে গেঁথেছিল মুক্তিযুদ্ধের সময়কার অনেক কিছুই। যে গল্পগুলো আমি বাবার মুখ থেকে, অন্যদের কাছ থেকে যে অভিজ্ঞতা শুনেছি, সেটি কাজে দিয়েছে।’
সেটে বাবা থাকায় বাড়তি সুবিধা
আগুনের পরশমণি সিনেমায় বিপাশার বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি তাঁর বাস্তবের বাবা আবুল হায়াত। এই ছবিতে আরও অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, ডলি জহুর, শীলা আহমেদসহ অনেকে। বাবা ও তাঁর বন্ধুবান্ধব সহশিল্পী হওয়ায় শুটিং সেটেও খুব একটা অসুবিধা হয়নি বলে জানান বিপাশা। তিনি বলেন, ‘সেটে আমার বাবা, ডলি জহুর আন্টি ও আসাদুজ্জামান নূর কাকুও ছিলেন। এতে আমার সুবিধাই হয়েছে। তাঁরা তো আমাদের নাটকের মহিরুহ। আমি হয়তো কোনো গেটআপ নিচ্ছি, ডলি আন্টিকে জিজ্ঞেস করতাম, পোশাক ঠিক আছে তো? মেকআপ ঠিক আছে তো। ঠিক না থাকলে তিনি আবার ঠিক করে দিতেন।’
‘আমার বাবাকে জিজ্ঞেস করতাম, সংলাপ বলার ঢংটা ঠিক হচ্ছে তো? নূর কাকুকেও জিজ্ঞেস করতাম। কারণ, আমি তখন ছোট। সবাই এত বেশি আপন ছিল, পারিবারিক আবহে কাজ করেছি। আরেকটা বিষয়, আমরা সবাই থিয়েটার ব্যাকগ্রাউন্ডের ছিলাম। শুধু পরিবর্তনটা ছিল, আমরা একটা চলচ্চিত্রের কাজ করছিলাম, যেটার পরিচালক হুমায়ূন আহমেদ। আমরা যখন সেটে ঢুকতাম, আমরা যুদ্ধের সেই ভয়াবহতাটাও অনুভব করার চেষ্টা করতাম।’— বিপাশা স্মৃতি থেকে বলতে থাকেন আমাদের। তিনি বলেন, ‘যেকোনো আর্ট ফর্ম তো আসলে সৃষ্টি করতে হয়। একজন অভিনয়শিল্পী সেই সৃষ্টি করতে থাকেন। আমি যেহেতু সেই ভয়াবহতা দেখিনি, কিন্তু সেই ভয়াবহতায় আমি থাকলে কী হতো বা আমি কী করতাম, সেই বিষয়টা সৃষ্টি করাই আমার দায়িত্ব ছিল। সেটা আমি চেষ্টা করেছি, সততার সঙ্গে সৃষ্টি করতে।’
নিজেকে নিজের মতো তৈরি করতাম
নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করার ব্যাপারে বিপাশা হায়াত বলেন, ‘আমরা থিয়েটারে কাজ করেছি। অভিনয় শেখার চেষ্টার করেছি। পর্দায় আমি যেটা বলছি, সেটা যেন আমি বিশ্বাস করি। কারণ, আমি বিশ্বাস করলেই দর্শক বিশ্বাস করবে। আমি মুখস্থ কিছু বললেই তো দর্শক কখনো বিশ্বাস করবে না। যখন অস্থির কোনো দৃশ্যে অভিনয় করতাম, তার আগে একধরনের শ্বাস-প্রশ্বাসের কাজ করি। যেন আমার মধ্যে সত্যি সত্যি সেই অস্থিরতা কাজ করে। আগুনের পরশমণিতে নূর কাকুর (আসাদুজ্জামান নূর) কাঁধে স্টেনগান দেখে আমার চরিত্র ‘রাত্রি’র যে ভয়টা পাওয়ার দরকার ছিল, সেটাই পাওয়ার চেষ্টা করেছি। আমি আসলে যখন অভিনয় করার চেষ্টা করি, তখন আমার অস্তিত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করি।’
গেঁথে থাকা দৃশ্য
জানতে চেয়েছিলাম বিপাশার কাছে, ‘আগুনের পরশমণির কোন দৃশ্য তাঁর মনে দাগ কেটে আছে?’। জবাবে তিনি বলেন, ‘আমি মা ডলি জহুরের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বাজারের ব্যাগে হাত দিয়ে দেখি রাইফেল। মায়ের সঙ্গে কথা বলতে বলতে দরজায় কড়া নাড়ে কেউ একজন। কিছুক্ষণ থেমে আবার কড়া নাড়ে। আমি তখন ঘামতে থাকি। ভেবেছিলাম যে মিলিটারি আসছে। সেই মুহূর্তে আমার ভয়ার্ত একটা অভিব্যক্তি ছিল। আমি এটি উপভোগ করেছি সবচেয়ে বেশি। আমি ভাবতে থাকলাম, ওই রাইফেলটা দেশ স্বাধীন করবে, রাইফেলটা শুধু মানুষ মারার অস্ত্র নয়, দেশ স্বাধীনের একটা প্রতীক। সিনেমার এই জায়গাটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়।’