কখনো সুগন্ধি ব্যবহার করেননি ক্রিস্টেন স্টুয়ার্ট!
সম্প্রতি ফ্লোরাবোটানিকা নামের একটি সুগন্ধির ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হয়েছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। অথচ জীবনে কখনো সুগন্ধি ব্যবহার করেননি বলেই জানিয়েছেন ২২ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রী।এরই মধ্যে ফ্যাশন হাউস ব্যালেন্সিয়াগার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন স্টুয়ার্ট। আর এমনটা তিনি করেছেন কেবল প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ফ্যাশন ডিজাইনার নিকোলাস ঘেস্কোয়ারের সঙ্গে কাজ করার উদ্দেশে। এ প্রসঙ্গে স্টুয়ার্টের উদ্ধৃতি দিয়ে ফিমেলফার্স্ট জানিয়েছে, ‘নিকোলাসের সঙ্গে যেকোনো কিছু করতে রাজি আছি আমি। এই সুগন্ধির বদৌলতে তাঁর সান্নিধ্যে আসার সুযোগ পাওয়ায় নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে।’স্টুয়ার্ট আরও বলেছেন, ‘মানুষ সুগন্ধি ব্যবহার করে অন্যকে আকর্ষিত করার জন্য। বিশেষ করে টিন এজ বা কৈশোরেই এ প্রবণতা বেশি দেখা যায়। আমি টিন এজ পার করে এসেছি। ওই সময়টাতে কিন্তু আমি আমার মায়ের সুগন্ধি গায়ে মেখে অন্যকে আকর্ষিত করতে চাইনি। বরং এর বিপরীতটাই করতাম। ভাইদের সঙ্গে টো টো করে ঘুরে বেড়ানোর প্রতিই বেশি ঝোঁক ছিল আমার।’ফ্লোরাবোটানিকা সুগন্ধিটি সম্পর্কে স্টুয়ার্টের ভাষ্য, ‘এ সুগন্ধিটা আমার খুব ভালো লেগেছে। কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক আর এর ঘ্রাণটাও অনেক জীবন্ত।’