কখনোই টুইটারে যোগ দেবেন না এলটন জন
সামাজিক যোগাযোগের জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারে কখনোই যোগ দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রখ্যাত সংগীতশিল্পী স্যার এলটন জন। তাঁর আশঙ্কা, টুইটারে যোগ দিলে নিশ্চিতভাবে নানা সমস্যায় জড়িয়ে পড়বেন তিনি। তাই টুইটার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই বর্ষীয়ান শিল্পী।অনলাইন সংবাদমাধ্যম কন্ট্যাক্টমিউজিককে এলটন জন বলেছেন, ‘টুইটারে যোগ দিলে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আমার ধারণা, টুইটার অ্যাকাউন্ট খোলার দুই দিনের মাথায় আমাকে জেলের ঘানি টানতে হবে। কারণ, কোনো কথা গোপন রাখতে পারি না আমি। হয়তো দেখা যাবে, টুইটারে কোনো বেফাঁস মন্তব্যের রেশ ধরে আমার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। ঈশ্বর যেন এমন দুর্দিন আমার জীবনে না আনেন।’এলটন জন আরও বলেছেন, ‘টুইটারে যুক্ত হওয়ার সিদ্ধান্ত যদি আমি নিতামও, তবু নানা ঝামেলা ঘিরে ধরত আমাকে। কারণ, নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে পারদর্শী নই আমি। এ জন্য আমাকে একরকম যুদ্ধই করতে হয়। এ ক্ষেত্রে আমাকে ‘গণ্ডমূর্খ’ বললেও অত্যুক্তি হবে না। আমি কম্পিউটার ঠিকমতো বুঝি না। আমার কোনো কম্পিউটার নেই, এমনকি মোবাইল ফোনও নেই। অবশ্য আমার একটি আইপ্যাড আছে।’