কঙ্কাল ও সাড়ে তিন হাত
থমথমে পরিবেশ। গভীর রাতের নীরবতা ভেঙে গৃহকর্তা লিয়াকত মেম্বার চিৎকার করে ওঠেন চোর চোর বলে। একপর্যায়ে তিনি চোর সন্দেহে পাকড়াও করে ফেলেন এরফান নামের এক যুবককে। তারপর কাহিনি এগোয় ভিন্নধারায়। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে দ্যাশ বাঙলা থিয়েটারের নতুন নাটক কঙ্কাল ও সাড়ে তিন হাত-এর শুরুর দৃশ্যটি ছিল এ রকম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ নাটকটির উদ্বোধন করেন। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক ঝুনা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ইস্রাফিল শাহীন। নাটকটি লিখেছেন রশিদুল ইসলাম, নির্দেশনা দিয়েছেন মেহেদী তানজীর। একটি পর্যায়ে এরফান জানতে পারে, এই লিয়াকত মেম্বারই তার পিতার হত্যাকারী। এরফানের কৈশোরকালে খুন হয়েছিল তার বাবা। মায়ের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা শুনেছিল। চোর সন্দেহে এরফানের ওপর যখন লিয়াকত মেম্বার নির্যাতন চালাচ্ছিল, তখন তার স্ত্রী এগিয়ে আসে নিরীহ দর্শন যুবকটিকে রক্ষা করতে। মেম্বার তাকে ছেড়ে দেয়। নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে একপর্যায়ে লিয়াকত মেম্বারের কন্যা আকৃষ্ট হয় এরফানের প্রতি। এরফান উদ্ধার করে তার পিতার কঙ্কাল। এসব নিয়েই প্রেম ও সামাজিক সংকটের প্রেক্ষাপটে এই নাটক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহেজবিন গোধূলি, সোহেল জামান, পলাশ রঞ্জন, রাজকুমার পাল, শারমীন আক্তার, কাওসার সামাদ, বাশার শফিউল্লাহ্ ও কামরুজ্জামান।