কঙ্কালের খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্কাল নাটকের মহড়াকক্ষে
কঙ্কাল নাটকের মহড়াকক্ষে

ওয়্যারলেস রেলগেট পেরিয়ে হাতের ডানে বেশ পুরোনো একটি বাড়ি৷ নিচতলায় জরাজীর্ণ একটি কক্ষ৷ এক কোণে মিটমিট করে জ্বলছে একটি মোম৷ বেশ আলো-আঁধারি পরিবেশ৷ এখানেই দেখা হবে কঙ্কালের সঙ্গে৷
সময় সন্ধ্যা ছয়টা বেজে ৩০ মিনিট৷ নীরব কক্ষে হঠাৎ শোনা গেল ভীতিকর ধ্বনি৷ একে একে বেরিয়ে এল চারটি কঙ্কাল৷
ও মা, হঠাৎ ফোন বেজে উঠল এক কঙ্কালের প্যান্টের পকেটে! কঙ্কালের পরনে প্যান্ট! খুলে বলি, আসলে সেখানে চলছিল কঙ্কাল নাটকের মহড়া৷ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কঙ্কাল’ অবলম্বনে একই শিরোনামে এ নাটক রচনা করেছেন রবিউল আলম৷ নাট্যতীর্থের প্রযোজনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন দলপ্রধান তপন হাফিজ৷
বৈঠকঘরের দৃশ্য৷ বাড়িতে স্থানাভাবের কারণে খোকাবাবুকে রাতে ঘুমোতে হবে এই ঘরে৷ ছোটবেলায় এই ঘরে খোকাবাবু পড়াশোনা করত মানুষের অস্থি নিয়ে৷
মধ্যরাতে তার ঘুম ভাঙে কারও পায়ের শব্দে৷ চোখ খুলে সে দেখে ইন্দুবালার কঙ্কাল৷ সুন্দরী বিধবা ইন্দুবালা৷ তার অপরূপ সৌন্দর্যের কারণে নাটকের প্রধান পুরুষ চরিত্র শশী শেখর মেয়েটির নাম রেখেছে কনকচাঁপা৷ কিন্তু এসব সত্য খোকাবাবুকে বিশ্বাস করানো যে খুব কঠিন৷ কঙ্কালের আত্মার সঙ্গে চলে তাই নানা প্রশ্ন বিনিময়৷

‘মানুষের অস্থি দেখে কি তার মূল পরিচয় পাওয়া যায়?’—প্রশ্নটি ভাবিয়ে তোলে খোকাবাবুকে৷

এবার দ্রুত সেট পরিবর্তন৷ কারণ, নাটকের গল্প এখন চলে যাচ্ছে ফ্ল্যাশব্যাকে৷

‘আচ্ছা, ফ্লাশব্যাকে যাওয়ার আগে আমরা একটু চা খেয়ে নিতে পারি না?’-নির্দেশকের এই প্রস্তাবে সবার মুখেই হাসি৷ কেননা, দীর্ঘ সময় মহড়ার ফলে সবাই বেশ ক্লান্ত তখন৷

চা-বির​িতর ফাঁকে কথা হলো নির্দেশকের সঙ্গে, ‘অনেক দিন ধরে ভাবছি রবীন্দ্রনাথের নাটক করব৷ বেশ কিছু গল্প পড়ার পর “কঙ্কাল” গল্পটি বেশ আকৃষ্ট করে আমাকে৷ নারীদের নিয়ে রবিঠাকুরের অনেক বড় একটি দর্শন রয়েছে এই গল্পে৷ আশা করছি, নাটকটি মঞ্চে এলে সবার ভালো লাগবে৷’

আবার মহড়া শুরু৷ মঞ্চে আসে কনকচাঁপা ও শশী শেখর৷ এবার আর নেই গল্পের গুরুগম্ভীর পরিবেশ৷ নাট্যগল্পের দ্বন্দ্বের সঙ্গে এখন যুক্ত হয়েছে হাস্যরসাত্মক অভিনয়৷ এদিকে কনকচাঁপা ও শশী শেখরের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গল্প এগিয়ে যাচ্ছে চূড়ান্ত পরিণতির দিকে৷

আচ্ছা, কী আছে পরিণতিতে? সব জানা যাবে নাট্যমঞ্চে৷

কঙ্কাল নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির৷ এপ্রিলের প্রথম সপ্তাহে নাটকটির কারিগ​ির মঞ্চায়ন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে৷