কঙ্গনা-বন্দনা
পাড়ার ‘টম বয়’ মেয়েটির স্বপ্নই ছিল আর দশটা মেয়ের চেয়ে ভিন্ন। পুতুল খেলার বয়সে ছেলেদের সঙ্গে ফুটবল, ক্রিকেট খেলা কিংবা যৌবনে লিপস্টিক-মেকআপ বক্স নিয়ে গবেষণা না করে ছেলেদের সঙ্গে অ্যাডভেঞ্চারে বের হওয়াটাই ছিল কঙ্গনা নামের মেয়েটির ভালো লাগার বিষয়। সেই কঙ্গনা একদিন অভিনয় করবেন, দেশের মানুষ তাঁকে চিনবে—এমন স্বপ্ন ভুল করেও দেখতেনা না তিনি।আজ কঙ্গনাকে কত মানুষ চেনে—এ গবেষণা করা মুশকিল, তবে রাষ্ট্রীয়ভাবে সরকার ঠিকই চিনে নিয়েছে। সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফ্যাশন ছবির জন্য পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন কঙ্গনা। চার বছরও হয়নি অভিনয়জীবনের, এরই মধ্যে জাতীয় পুরস্কার! পুরস্কারের ঘোষণা শুনে বিশ্বাসই হয়নি কঙ্গনার, পুরস্কার হাতে পেয়েও তিনি সহজ-স্বাভাবিক। প্রশ্ন করতেই মৃদু হেসে বলেন, ‘বিশ্বাস হচ্ছে না এখনো। যেদিন বিশ্বাস হবে, সেদিন প্রতিক্রিয়া জানাব।’ সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও একই ছবির জন্য পুরস্কার পেয়েছিলেন। কঙ্গনাকে টুইটারের মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। কিন্তু হায়! পরে জানা যায়, কঙ্গনা ‘টুইটার’ কী তা-ই জানেন না! ‘কঙ্গনা রনৌত’ নাম ব্যবহার করে এক ভক্ত ধোঁকা দিচ্ছেন জগত্বাসীকে।ছবির সংখ্যা দশও পেরোয়নি কঙ্গনার। অথচ প্রথম ছবি গ্যাংস্টার-এর (২০০৬) জন্য অর্ধডজন ‘নবাগত অভিনেত্রীর’ পুরস্কার এবং পরবর্তী সময়ে ও লামহে, লাইফ-ইন এ মেট্রো, ফ্যাশন ছবির জন্য পুরস্কার, প্রশংসায় অর্জনের ব্যাগ ভর্তি করে ফেলেছেন। প্রশিক্ষিত অভিনেত্রী না হয়েও এ বিজয় সম্ভব হলো কী করে? কঙ্গনা এবারও ভাবলেশহীন, ‘সু-অভিনেত্রী হতে গেলে যে মঞ্চ-টিভির অভিজ্ঞতা থাকতে হবে, এমন কোনো কথা নেই। হিন্দি ছবি নিয়ে আমি কখনো অতিমাত্রায় বাড়াবাড়ি করতাম না। অভিনয় নিয়েও কোনো কালে গবেষণা করিনি। তবে হ্যাঁ, প্রশংসা, সমর্থন কে না চায়। আমিও সবার সমর্থন পেয়ে অভিনয়ের প্রেমে পড়তে বাধ্য হয়েছি। এখন ক্যামেরার সামনে না দাঁড়ালে রাতে ঘুম হয় না। এক ছবিতে সিজোফ্রেনিয়া রোগীর চরিত্রে কাজ করলে পরবর্তী ছবিতে কমেডি চরিত্রে কাজ করতে মন চায়। মনে হয়, আমার চরিত্র বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব, তার সবটুকু দিয়ে দিই। এটাই তো বোধ হয় ভালো অভিনয়ের মূলমন্ত্র।’শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন কঙ্গনাকে ‘বাই বাই’ জানিয়েছেন এক বছর হলো। এই জুটির প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। এই পাঁচ মাসেই কঙ্গনা অধ্যয়নকে জীবন দিয়ে ভালোবেসেছিলেন। সেই প্রেমিকাকে বাবার জন্য, ক্যারিয়ারের জন্য বিদায় জানিয়েছেন অধ্যয়ন। কাজটা ঠিক হলো? কঙ্গনাকে এ ধরনের প্রশ্ন করে লাভ নেই। এখনো সাবেক প্রেমিককে সংবাদমাধ্যমের সামনে সম্মান করতে ভালোবাসেন কঙ্গনা। তাঁর উত্তর, ‘অধ্যয়নকে দোষ দিয়ে লাভ নেই। মাত্র ২২ চলছে ওর। এতটুকুন একটি ছেলের ক্যারিয়ারের প্রতি মনোযোগী না হয়ে প্রেম নিয়ে পড়ে থাকলে হবে? প্রথম দিকে ওর জন্য খুব কষ্ট হয়েছিল। তবে কয়েক মাস পরই কষ্ট কাটিয়ে উঠেছি। এখন প্রয়োজন পড়লে অধ্যয়নকে ফোন দিই। ও নিজেও আমাকে ফোন করে। আমরা এখনো বন্ধুত্বটুকু জিইয়ে রেখেছি।’কাইটস (হূতিক রোশন), ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই (অজয় দেবগন, এমরান হাশমি), নো প্রবলেম (সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না), নক আউট (সঞ্জয় দত্ত), তনু ওয়েডস মনু প্রভৃতি লোভনীয় সব প্রজেক্ট বগলদাবা করে রেখেছেন কঙ্গনা। ২০১০-১১ সময়ে আগের সব সাফল্যও ছাড়িয়ে যাবেন, এই আশা তাঁর। আর আর খান, তথ্যসূত্র: ওয়েবসাইট