কঙ্গনাকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু ওয়েডস মনু রিটার্নস ছবিতে কঙ্গনা রনৌত
তনু ওয়েডস মনু রিটার্নস ছবিতে কঙ্গনা রনৌত

এমন নায়িকা আগে কখনো দেখা যায়নি বলিউডে। তাঁর কোঁকড়া-ঝাঁকড়া চুলেই চোখ আটকে যেত অনেকের। কোনো নায়িকার চুল আবার এমন হয় নাকি? গ্যাংস্টার ছবিতে একঝলক দেখে এমনটাই বলেছিল অনেকে কঙ্গনাকে। কিন্তু ছবি মুক্তির পর সেসব মানুষের মুখে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছেন কঙ্গনা। তাঁকে ঘিরে নানা সময় নানা ধরনের বিতর্কের জন্ম নিলেও এ মেয়ে কখনো ঘাবড়ে যাননি। বরং অপেক্ষা করেছেন চুপচাপ, দিনবদলের। দিন বদলেছে। কঙ্গনার ঘরে এখন পুরস্কারের শেলফটায় যোগ হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। কিছু না বলেও কঙ্গনা তাঁর অভিনয় দিয়ে অনেক কিছুই বলে দিয়েছেন সমালোচকদের। আসছে এ অভিনেত্রীর নতুন ছবি তনু ওয়েডস মনু রিটার্নস। তবে এ লেখায় কঙ্গনার সেই ছবির গল্প থাকছে না। থাকছে তাঁর নিজের জীবনের গল্প, যা কোনো বলিউড ছবির চেয়ে কম নয়।

কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

বলিউডে কঙ্গনা যখন এক পা-দু পা করতে করতে অনেককে পেছনে ফেলতে শুরু করেন, তখন সেই ‘অনেকে’ তাঁকে নাম দেয় ‘ছোট শহরের মেয়ে’। মুম্বাইয়ের সিনেমাজগতে ছোট শহরের মেয়ে মানে হলো, যারা নিজেদের অস্তিত্ব ধরে রাখতে নিজের সবটুকু বাজিতে লাগিয়ে দেয়। এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ওই সময়টা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। প্রায়ই নাকি কাঁদতে কাঁদতে ঘুমাতেন তিনি। আবার অনেক রাত নির্ঘুমও কাটাতেন। কারণ, কঙ্গনার পাশে তখন সাহস জোগানোর মতো কেউ ছিল না। মডেলিং আর অভিনয়জগতের বাসিন্দা হয়েছিলেন বলে পরিবারও তাঁকে অবাধ্য সন্তানের তকমা দিয়ে বিতাড়িত করে। তাই কঙ্গনার একমাত্র সঙ্গী ছিলেন কঙ্গনা নিজেই।
সেই দিনগুলোর কথা মনে করে কঙ্গনা বলেন, ‘বাড়ি ছেড়ে দিল্লি আসি মাত্র ১৬ বছর বয়সে। পরিবার থেকে সব ধরনের আর্থিক আর মানসিক সহায়তা ওই সময় থেকেই বন্ধ হয়ে যায়। অনাহারে যেন থাকতে না হয় সেই ভেবে মডেলিং শুরু করি। আর তা জানতে পেরে আমার বাড়ির মানুষগুলো আমার সঙ্গে যোগাযোগটাও বন্ধ করে দেয়। অনেক রাত কেটেছে আমার শুধু রুটি আর আচার খেয়ে। সেই দিনগুলোতে আমি হয়তো নিজের সঙ্গে সমঝোতা করতে পারতাম। কিন্তু করিনি। আমার মূল শক্তিই ছিল আমার আত্মবিশ্বাস। তাই শত চড়াই-উতরাই, বিতর্ক আর নিন্দার পরও আমি নিজেকে সেসবের ভিড়ে হারাতে দিইনি।’
ভারতের হিমাচল প্রদেশের মান্ডি নামের ছোট্ট শহরে জন্ম ও বেড়ে ওঠা কঙ্গনা রনৌতের। বাবা ব্যবসায়ী আর মা স্কুল শিক্ষিকা। মান্ডি শহরে রনৌত পরিবারের ছিল বেশ প্রভাব। কঙ্গনার প্রপিতামহ ছিলেন রাজপুত। আর তাঁর দাদা ছিলেন নামী সরকারি কর্মকর্তা। মান্ডিতে ছিল তাঁদের যৌথ পরিবারের বিশাল প্রাসাদসম বাংলো। ছেলেবেলা থেকেই কঙ্গনা পড়ালেখায় থাকত সবার চেয়ে এগিয়ে। পরীক্ষা আর রেজাল্ট বের হওয়ার সময় কঙ্গনার দুশ্চিন্তা নাকি দেখার মতো ছিল। পড়ালেখায় কঙ্গনার এই এগিয়ে থাকা দেখে মা-বাবা তাঁকে বড় হয়ে চিকিৎসক হওয়ার জন্য উৎসাহ জোগান। কঙ্গনা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন। কিন্তু দ্বাদশ শ্রেণিতে উঠে রসায়ন পরীক্ষায় ফেল করে বসেন। ব্যস, মোড় বদলে যায় কঙ্গনার জীবনের। রসায়নে অকৃতকার্য হওয়ায় অল ইন্ডিয়া প্রি-মেডিকেল টেস্টে অংশ নিতে পারেননি। তখনই তাঁর উপলব্ধি হয়, যে পথে এগোচ্ছেন, তা আসলে তাঁর গন্তব্য নয়। মা-বাবাকে বলেন, দিল্লি গিয়ে নতুন কিছু করতে চান তিনি। কিন্তু বাবা সাফ জানিয়ে দেন, চাইলেই কঙ্গনা দিল্লি যেতে পারে, কিন্তু পরিবারের কাছ থেকে কোনো পয়সা-কড়ি মিলবে না। জেদি মেয়ে কঙ্গনা। সব ছেড়েছুড়ে দিল্লি পাড়ি জমান। সেখানে মডেলিং শুরু তাঁর। একসময় তাঁর মনে হয়, মডেলিংয়ে কোনো সৃষ্টিশীলতা নেই। তাই মঞ্চে অভিনয় শুরু করেন। এরপর বড় স্বপ্ন চোখে নিয়ে মুম্বাইয়ের এক অ্যাক্টিং স্কুলে ভর্তি হন। তখন থেকে নতুন এক সংগ্রাম শুরু হয় তাঁর। অনেক চড়াই-উতরাইয়ের পর পরিচয় হয় পরিচালক অনুরাগ বসুর সঙ্গে। সুযোগ মেলে গ্যাংস্টার ছবিতে অভিনয়ের। এরপর দৃশ্যপট বদলে যায়। প্রথম ছবির বদৌলতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘সেরা নবাগত অভিনেত্রী’র পুরস্কার পেয়ে যান। এরপর কিন্তু থেমে যায়নি তাঁর সংগ্রাম। কখনো ব্যক্তিগত সম্পর্ক, কখনো তাঁর ফ্যাশনভাবনা নিয়ে উঠেছে বিতর্ক। ২০০৭ সালে যখন পরিবার আবারও কঙ্গনাকে গ্রহণ করে, তখন থেকেই নাকি সবকিছু ধীরে ধীরে সহজ হতে শুরু হয় তাঁর। আর এভাবেই এক পা-দু পা করতে করতে কঙ্গনা পৌঁছে যান সবার আগে। হয়ে ওঠেন বলিউডের সত্যিকারের ‘কুইন’।

আদর রহমান
ডিএনএ ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, মিড-ডে ও কসমোপলিটন ম্যাগাজিন অবলম্বনে