শিশুদের কচি কণ্ঠের আবৃত্তি মুগ্ধ হয়ে শুনলেন দর্শকেরা। প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে শিশুশিল্পীদের আবৃত্তি অনুষ্ঠান ‘স্বপ্নে হারাই অচিনপুর’ ১ নভেম্বর সন্ধ্যা ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শিশুসাহিত্যিক আলী ইমাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার ও রাশেদ রউফ।
শিশুশিল্পী জারিন সাদাফ ও সৈয়দা মাইশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
অতিথিরা বলেন, অপসংস্কৃতিতে ডুবে গিয়ে তরুণেরা স্বপ্ন দেখা ভুলে গেছেন। ছোটদের সমৃদ্ধ শৈশব ফিরিয়ে দিতে হবে।
কথামালার পর্ব শেষে মঞ্চে একক আবৃত্তি নিয়ে আসে প্রমার শিশু আবৃত্তি শিল্পী আহসান হাবীব, অনিন্দিতা মুৎসুদ্দি, বিশাখা দত্ত, শ্রাবন্তী চক্রবর্তী, সামিহা সালসাবিল, অঙ্কিতা রায় ও আজরা আদিবা। কেউ রবীন্দ্রনাথ, কেউ নজরুল, কেউ আল মাহমুদ আবার কেউ–বা সুকুমার রায়ের ছড়া-কবিতা শুনিয়ে মন কাড়ে দর্শকদের।
প্রমার শিশুদের পাশাপাশি আবৃত্তি করে আমন্ত্রিত শিশুশিল্পীরা। ফুলকির শিশুরা ‘বাণিজ্যেতে যাব আমি’ এই বৃন্দ পরিবেশনা করে মঞ্চ মাতায়। প্রযোজনাটি রচনা করেন আশরাফ সিদ্দিকী ও নির্দেশনা দেন মুবিদুর রহমান। ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর শিশুশিল্পীরা লুৎফর রহমান রিটনের রচনা ও বিশ্বজিৎ পালের নির্দেশনায় ‘ক্ষিদে’ আর সুচয়ন ললিতকলা কেন্দ্রের শিশুশিল্পীরা তাসকিয়াতুন নূর তানিয়ার গ্রন্থনা ও নির্দেশনায় ‘আহ্বান’ নামের দলীয় পরিবেশনায় অংশ নেয়।
অতিথি আবৃত্তিশিল্পীদের পরিবেশনা শেষে আবার মঞ্চে আসে প্রমার শিশুশিল্পীরা। কঙ্কণ দাশ ও বিশ্বজিৎ পালের নির্দেশনায় আবৃত্তি করে ‘রঙিন ফানুস’ নামের প্রযোজনা।
বৃন্দ পরিবেশনা শেষে প্রমার শিশুশিল্পী তাসনূভা নূর, সাইয়ারা নূর, মিজাবুল ইহসান, জারিন সাদাফ ও সৈয়দা মাইশা জহিরের একক আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।