কচি-কাঁচার আনন্দ মেলা সম্পন্ন
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো কচি-কাঁচা আসরের তিন দিনের আনন্দ মেলা। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাখা মেলাগুলোর প্রায় ২০০ সদস্য অংশ নেয়। আনন্দ মেলায় তারা শরীরচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালায় অংশ নেয়। আনন্দ মেলা উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়।বিকেলে কচি-কাঁচা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত র্যাংগে বিরতে লুন্ড এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সভাপতিত্ব করেন মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ। স্বাগত বক্তব্য দেন মেলার অধ্যক্ষ নারী মুক্তিযোদ্ধা শিরীন বানু। কচি-কাঁচার শিশুদের পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ হোসেন।সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কেন্দ্রীয় মেলার সাংস্কৃতিক বিভাগ ও বিভিন্ন শাখার সদস্যরা। পরে জয়নুল-জসীম-আলমুতি জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ দেওয়া হয়। সবশেষে ক্যাম্প ফায়ারের মাধ্যমে শেষ হয় তিন দিনব্যাপী আনন্দ মেলার।এবারের মেলায় আবৃত্তি প্রতিযোগিতায় ক, খ ও গ শাখায় যথাক্রমে প্রথম হয়েছে মাহেরা শবনম, সাব্বির মাছুম ও তাওসিফ ফারহান। ছবি আঁকা প্রতিযোগিতায় ক শাখায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ফাহমিদা জাহান, খ শাখায় পেয়েছে গিরীশ চন্দ্র রায় এবং গ শাখায় সানজিদা হক।