কঞ্জুসের বিশেষ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোক নাট্যদলের সাড়া জাগানো হাসির নাটক কঞ্জুস-এর বিশেষ মঞ্চায়ন হলো গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের নাট্যসংগঠন মণিপুরী থিয়েটারের সদস্য জটিল রোগে আক্রান্ত বিশিষ্ট মঞ্চাভিনেতা লক্ষ্মণ সিংহের চিকিৎসা সহায়তায় নাটকটি মঞ্চায়ন করা হয়। কঞ্জুস পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবনধারার ওপর রূপান্তরিত বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক। মলিয়েরের বিখ্যাত কমেডি দ্য মাইজার অবলম্বনে তারিক আনাম খান নাটকটির বাংলা রূপান্তর করেছেন। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: খাইরুল আলম, কামরুন নূর চৌধুরী, নুরুল ইসলাম খান, জাহিদুর রহমান, ইউজিন গোমেজ, ক্যামেলিয়া জেলী, হাফিজুর রহমান, মনিকা বিশ্বাস, এ কে সাথী, আনোয়ার কায়সার, আবু তাহের প্রমুখ।মঞ্চ ও পোশাক পরিকল্পনা কামরুন নূর চৌধুরী, আলোক পরিকল্পনায় প্রণবানন্দ চক্রবর্তী ও জি এম সিরাজুল হোসেন, সংগীত অভিজিৎ চৌধুরী ও সামসাদ বেগম, প্রপস ও মঞ্চ ব্যবস্থাপনা হাফিজুর রহমান এবং রূপসজ্জা জনি সেন।শেষ হলো পুতুলনাচ উৎসবশিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে দেশের ঐতিহ্যবাহী পুতুলনাচের জমজমাট উৎসব হয়ে গেল। একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া উৎসবের গতকাল ছিল শেষ দিন। বাংলার লোকসংস্কৃতির আকর্ষণীয় ও বর্ণাঢ্য এই অনুষঙ্গ পুতুলনাচকে সহায়তা দিতে উৎসবের আয়োজন করা হয়। এতে বিভিন্ন অঞ্চলের পুতুলনাচের দলগুলো অংশ নেয়। প্রতিদিন সন্ধ্যা সাতটায় পুতুলনাচের পালা পরিবেশিত হয়। মিলনায়তনে দর্শকের ছিল উপচেপড়া ভিড়। কর্মক্লান্ত দিনের শেষে হরেক রকমের পুতুলের মনোমুগ্ধকর নাচ ও লোককাহিনিনির্ভর পালা দর্শকদের নির্মল আনন্দ জোগায়। গতকাল বুধবার সমাপনী দিনে ছিল দুটি পালা। বাগেরহাটের দি আজাদ পুতুলনাচ খণ্ড খণ্ড গল্প এবং দিনাজপুরের সমন্বয় পুতুলনাচ পরিবেশন করে রূপবান পালা। কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে আলোচনাকবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে বাংলা একাডেমী গতকাল বুধবার বিকেল চারটায় একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। আলোচনায় অংশ নেন কবি সৈয়দ শামসুল হক, গোলাম কুদ্দুছ ও তারেক রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।স্বাগত ভাষণে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বাংলা একাডেমী প্রথমবার সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে। সুকান্তের বিপ্লবী-চেতনা বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দান করেছে। কাব্যনির্মাণকলাতে তাঁর নিজস্বতাও উল্লেখ করার মতো। প্রাবন্ধিক সৌমিত্র শেখর বলেন, ‘সুকান্ত বাংলা সাহিত্যের মৌলিক কবি। তাঁর প্রাসঙ্গিকতা একটুও ফুরোয়নি। অন্যায়-অসাম্য-শোষণের বিরুদ্ধে তাঁর যে সাহিত্যিক দ্রোহ, তা কালজ হয়েও কালোত্তীর্ণ। স্বল্প সময়ের শিল্পসৃষ্টিতে সুকান্ত রেখেছেন পরিণতির স্বাক্ষর। সমকালীন অগ্নিপ্রভ স্বাদেশিক পরিস্থিতি সুকান্তকে দিয়ে লিখিয়ে নিয়েছে বারুদগন্ধী পঙিক্তগুচ্ছ। জীবনের হ্রস্বতা তাঁর শিল্পের গুরুত্ব মোটেও হ্রাস করেনি; ব্যতিক্রমী রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তাঁর নিজস্ব স্থান নিশ্চিত হয়েছে।’কবি সৈয়দ শামসুল হক বলেন, সুকান্তকে নিয়ে বাংলা একাডেমীর এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুকান্তকে বিস্মরণ করা যাবে না। কারণ, তাঁর অমর সাহিত্য বিস্মরণের বিষয় নয়। নজরুলের ধারাবাহিকতায় সুকান্ত বাংলা কবিতার অন্যতম গণকণ্ঠ। সভাপতির বক্তব্যে কামাল লোহানী বলেন, ‘বাংলার সাংস্কৃতিক-রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে সুকান্ত ভট্টাচার্য নিত্যস্মরণীয় নাম। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন আমাদের অন্যতম প্রেরণার উৎস। তাঁর কবিতা-গান গণমানুষের সংগ্রামী চেতনাকে শাণিত করেছে।’ অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করেন ডালিয়া আহমেদ।