কণার গান
বিশ্বকাপ ক্রিকেটের পরই আসছে কণার নতুন অ্যালবাম। নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে অ্যালবামের কাজ এগিয়ে যাচ্ছে। কণা জানান, নয়টি গানের মধ্যে পাঁচটির কাজ পুরোপুরি শেষ। বাকি চারটিও খুব তাড়াতাড়িই হয়ে যাবে। কণার এই অ্যালবামের গানগুলো লিখেছেন শাহান কবন্ধ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, হাবীব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির।এর আগে শাহান কবন্ধের লেখা, ফোয়াদ নাসের বাবুর সুর ও ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত পরিচালনায় কণার ‘বরষা’ গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। কণা জানান, এবারও তাঁদের তৈরি আরেকটি নতুন গান থাকছে।গানগুলোর বেশির ভাগই আধুনিক। দুটি গান সেমি-ক্ল্যাসিক্যাল। সঙ্গে আছে একটি নজরুলসংগীতও।কণা বলেন, ‘বেশ যত্ন করে, একটু সময় নিয়ে গানগুলো তৈরি করা হয়েছে। গানগুলোতে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক যথেষ্ট শ্রম ও মেধা যোগ করেছেন। সবার পরিশ্রম আর আন্তরিকতায় অ্যালবামটির কাজ প্রায় শেষের পথে। আশা করছি, আমার বরষা অ্যালবামের মতো এবারের গানগুলোও সবার ভালো লাগবে। বিশ্বকাপ ক্রিকেটের সময় তৈরি হবে অ্যালবামটির মিউজিক ভিডিও।’