কণার নতুন ভিডিও আসছে

একটি একক গান নিয়ে আসছে কণ্ঠশিল্পী কণার নতুন মিউজিক ভিডিও। সপ্তাহ খানেকের মধ্যেই ইউটিউবে দেখা যাবে ভিডিওটি। ‘রেশমি চুড়ি’ শিরোনামের এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন। গানটিতে কণার সহশিল্পীও তিনি। মিউজিক ভিডিওতে দেখা যাবে দুজনকেই। ‘রেশমি চুড়ি’ গানটির কোরিওগ্রাফি করেছেন কলকাতার শিবরাম শর্মা।
মঞ্চ পরিবেশনা নিয়ে ডিসেম্বর থেকেই ব্যস্ত সময় পার করছেন কণা। সম্প্রতি অ্যানিমেটেড ছবি ‘ডিটেকটিভ’-এর একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে মুঠোফোনে কণা জানান, গতকাল মঙ্গলবার গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। অ্যানিমেটেড ছবির গানে কণ্ঠ দেওয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জানাই ছিল না যে এটা কোনো ছবি। ইমন ভাই বললেন, গান করতে হবে। স্টুডিওতে গিয়ে কণ্ঠ দিয়ে এলাম। ছোটবেলায় রবীন্দ্রসংগীত করেছি। কিন্তু এবার অনেক দিন পরে গাইলাম।’
রবীন্দ্রসংগীত গাইতে কেমন লাগল—জানতে চাইলেন কণা বলেন, ‘ভয়ে ভয়ে গেয়েছি। খুব পরিচিত গান। একটু এদিক-সেদিক হলেই মানুষের কানে ধরা পড়ে যাবে।’ কণা জানান, কণ্ঠ দেওয়ার পর জানতে পেরেছেন যে এটা একটা অ্যানিমেটেড ছবি। অ্যানিমেটেড ছবিতে ‘ভালোবাসি ভালোবাসি’ গানটা কীভাবে দেখানো হবে—সেটা দেখার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছেন।
বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে অ্যানিমেটেড ছবি ‘ডিটেকটিভ’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। ছবিটি পরিচালনা, সম্পাদনা ও অ্যানিমেশন করছেন তপন আহমেদ। ‘ডিটেকটিভ’ ছবির প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিচ্ছেন আরিফিন শুভ, শাহ রিয়াজ ও নুসরাত ফারিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।