কণার ‘সিম্পলি কণা’
দুই বছর পর প্রকাশিত হচ্ছে কণার তৃতীয় একক। নাম ‘সিম্পলি কণা’। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এর মধ্যে তিনটি দ্বৈত ও সাতটি একক কণ্ঠের গান। রয়েছে নজরুল সংগীতও। দ্বৈত গানের কণার সহশিল্পীরা হলেন বাপ্পা মজুমদার, শ্রীলঙ্কার আইরাজ ও মার্কি। কণার প্রথম অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ বাজারে আসে ২০০৬ সালে। এরপর ২০০৮ সালে প্রকাশিত হয় দ্বিতীয় একক ‘ফুয়াদ ফিচারিং কণা’।অ্যালবামের সংগীত পরিচালকেরা হলেন—বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির ও শ্রীলঙ্কার আইরাজ। গানের শিরোনামগুলো হলো—ধিম তা না, নীল পরী, পাহারা, ভুল, অপেক্ষা, প্রিয় যাই যাই, বিয়ে বাড়ি, যাই ভুলে যাই, ইউর লাভ ও তোমাকে।কণা বলেন, ‘অ্যালবামটি সব ধরনের শ্রোতার কথা বিবেচনা করেই করা হয়েছে। এ ছাড়া অ্যালবামে নিজের একটা ইচ্ছেও পূরণ করেছি। ছোটবেলা থেকেই নজরুলের গানের তালিম নিচ্ছি। এই গানের প্রতি একধরনের দুর্বলতা ছিল। এত দিন ইচ্ছে থাকা সত্ত্বেও অ্যালবামে নজরুলের গান করতে পারিনি। এবার অনেকটা সাহস করেই একটি নজরুলগীতি গেয়েছি।’‘সিম্পলি কনা’ অ্যালবামটি প্রকাশিত হচ্ছে ডেডলাইন মিউজিকের ব্যানারে।