কণ্ঠ সুরে—বহুদূরে
চট্টগ্রামের সীতাকুণ্ডের আলো-বাতাসে বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা। বাসার সবাই গান-বাজনার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ক্রিকেটের পাশাপাশি তবলায়ও আগ্রহ জন্মে তাঁর। তবে গায়ক পরিচয়ে বড় হবেন, তা কখনো ভাবেননি। এখন তিনি শুধু একজন গায়কই, পুরোদস্তুর একজন সংগীতশিল্পী। নাম কিশোর। এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী।সংগীতের প্রতি ভালোবাসার কারণে ঢাকার মগবাজারে নিজের মতো করে গড়ে তুলেছেন কম্পোজ স্ট্যান্ড নামের গানের স্টুডিও। এখানেই তাঁর দিনরাতের বেশির ভাগ সময় কেটে যাচ্ছে। নিজের গান তৈরির পাশাপাশি এ স্টুডিওতে চলে অন্যদের গানের কাজও।সম্প্রতি মগবাজারে কম্পোজ স্ট্যান্ড স্টুডিওতে বসে কথা হচ্ছিল কিশোরের সঙ্গে। শুরুতেই বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই বছর ধরেই নতুন অ্যালবামের কাজ করছি। ২৫টির মতো গান তৈরি হয়ে আছে। প্রতিনিয়ত গানগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছু বাদ যাচ্ছে আর নতুন কিছু যোগ হচ্ছে। এখান থেকে ১০টি গান দিয়েই নতুন অ্যালবামটি বাজারে ছাড়ব। এরই মধ্যে অ্যালবামটির কয়েকটি অপ্রকাশিত গান দারুণ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। স্টেজ শো ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে গানগুলোর অনুরোধও আসে। কিন্তু দুঃখের বিষয়, পৃষ্ঠপোষকের অভাবে অ্যালবামটি প্রকাশ করতে পারছি না। ইচ্ছা আছে, পয়লা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করার।’জানা গেছে, নতুন একক অ্যালবামের সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর নিজেই। নাম ঠিক না হওয়া এই অ্যালবামের গানের কথা লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, আরাফাত সেতু প্রমুখ। কিশোর বলেন, ‘দ্বিতীয় অ্যালবাম ফিরে আসে নায় ‘নিজের লেখা ‘যাচ্ছ দূরে’ গানটিতে প্রথম সুর ও সংগীত পরিচালনা করি। এরপর ইচ্ছা ছিল নিজের সুর ও সংগীতে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের। তৃতীয় অ্যালবাম অগোছাল ভালোবাসায় কিছুটা বাস্তবায়ন করতে পারলেও নতুন অ্যালবামে পুরোটাই করলাম।২০০৬ সালে বাবার ইচ্ছায় ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে প্রতিযোগিতায় নাম লেখান কিশোর। বাবার ইচ্ছায় নাম লেখালেও কিশোর ছিলেন বেশ আত্মবিশ্বাসী। বিভিন্ন ধাপ পেরিয়ে জায়গা করে নেন সেরা দশে। তবে প্রথম না হতে পারায় কোনো আক্ষেপ নেই বলেও জানান কিশোর। তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় হওয়া আমার কোনো লক্ষ্য ছিল না। আমি ওসব নিয়ে কখনো চিন্তিতও না। আমি সব সময় কাজে বিশ্বাসী। আমি নিজে কতটা জানি এবং তা শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারছি কি না, সেটাই দেখার বিষয়।’ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার পর নিজের তিনটি একক অ্যালবাম ছাড়াও ২০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন কিশোর। গেয়েছেন ২৩টি নাটকের টাইটেল গান। আর মিশ্র অ্যালবাম তো রয়েছে। কিশোর বলেন, ‘ক্লোজআপ ওয়ানের পর আমি পুরো সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। না হলে এত কাজ করা আমার পক্ষে সম্ভব হতো না। যাঁদের গান শুনে স্বপ্ন দেখতাম সংগীতশিল্পী হওয়ার, তাঁদের কয়েকজন এখন আমার সুরে গান করছেন। এটা আমার মতো তরুণ সংগীতশিল্পীর অনেক বড় প্রাপ্তি। এভাবেই এগিয়ে যেতে চাই। আমি মনে করি, যদি কণ্ঠে সুর আর স্বপ্ন প্রবল থাকে, তাহলে জয় হবেই।’গত বছর কিশোর ছবির সংগীত পরিচালনাও করেছেন। নাম পায়রা। ছবিটির সব গানের সংগীত পরিচালক তিনি। তিনি বলেন, ‘শুরুতে সংগীত পরিচালনার কাজ করেছিলাম নিজের প্রয়োজনে। এরপর পাঁচটি টিভি নাটকের শিরোনাম সংগীতের কাজ করেছি। দুটো দুই রকম কাজ। চলচ্চিত্রের ক্ষেত্রে গানগুলোর কাজ গল্প শুনে শুনে করতে হয়। এটার ধরন আবার একেবারেই অন্য রকম। চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে বেশ ভালোই লেগেছে।’পায়রা ছবির পর এম এ জলিল অনন্তর নিঃস্বার্থ ভালোবাসা ও সাইফ চন্দনের ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল ছবির দুটো গানের সংগীত পরিচালনাও করেছেন কিশোর। তিনি বলেন, ‘চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। তাই এখন থেকে নিয়মিতভাবে চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনাও করতে চাই।’